• ই-পেপার

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী

সরবরাহ কমেছে এলএনজি, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

অনলাইন ডেস্ক
সরবরাহ কমেছে এলএনজি, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
সংগৃহীত ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে যাওয়ায় তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।

মঙ্গলবার (৭ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীস্থ এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকার সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আর্থিকসংকটে নতুন পে স্কেলে কাটছাঁট, তিন ধাপে বাস্তবায়নের ভাবনা

অনলাইন ডেস্ক
আর্থিকসংকটে নতুন পে স্কেলে কাটছাঁট, তিন ধাপে বাস্তবায়নের ভাবনা

আর্থিক সংকটে অন্তর্বর্তী সরকারের প্রণীত নতুন পে স্কেলের রূপরেখা পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে না সরকার। ফলে প্রস্তাবিত কাঠামোয় কিছু কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রেডের মূল বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধায় পরিবর্তন আনার বিষয়ে কাজ চলছে। একই সঙ্গে নতুন পে স্কেল একবারে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে সচিব কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপারিশ চূড়ান্ত করতে আরো অন্তত দুটি বৈঠক প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপরই সুপারিশ অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং সরকারের অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। যদিও এতে প্রযুক্তিগত ও প্রশাসনিক কিছু জটিলতা তৈরি হতে পারে। তবে এসব সমস্যা যতটা সম্ভব কমিয়ে আনার সুপারিশও থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হয়েছে ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ওই তারিখ থেকেই বেতন-ভাতার আর্থিক সুবিধা পাবেন। তবে বাস্তব অর্থ পরিশোধ ধাপে ধাপে সম্পন্ন হতে পারে।

এ বিষয়ে সচিব কমিটির এক সদস্য বলেন, সচিব কমিটি এখনো তাদের সুপারিশমালা জমা দেয়নি। তাদের হয়তো আরো কিছু সময় প্রয়োজন। 

নতুন পে স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এটি হয়তো এক বা দুই ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সচিব কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। প্রয়োজন হলে তিন ধাপেও বাস্তবায়ন করা হতে পারে।

এদিকে নতুন অর্থবছর শুরু হলেও এখনো নতুন পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, নতুন পে স্কেল ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।

কিন্তু গেজেট প্রকাশ না হওয়ায় বাস্তবায়নের ধরন, বেতন কাঠামো এবং ভাতাসংক্রান্ত নানা প্রশ্নের উত্তর মিলছে না। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তারা এখন আর সরকারি প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় কোনো আনুষ্ঠানিক তথ্য পান না।

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরো জানায়, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে নিজেরা আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলা এবং এ ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

ছয়দিন পর আজ আবার বসছে সংসদ

অনলাইন ডেস্ক
ছয়দিন পর আজ আবার বসছে সংসদ

টানা ছয়দিন বিরতির পর আজ আবারও বসছে চলতি সংসদের মূলতবি অধিবেশন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অধিবেশনে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মূলতবি করা হয়।

গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধীদলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। পাশাপাশি অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন তারা।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবারের বৈঠকের কার্যসূচিতে পাঁচটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এগুলো হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আনা দুটি নোটিশের ওপর আলোচনা হবে। এর মধ্যে একটি নোটিশে চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের শতভাগ রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। অন্য নোটিশে ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে।

এ ছাড়া দিনের কার্যসূচিতে ‘বাংলাদেশ মেট্রোকল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যক্রম রয়েছে।

সূত্র জানায়, চলতি অধিবেশনেই সংসদের স্থায়ী কমিটিগুলোর গঠন প্রক্রিয়া শেষ হতে পারে। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। অবশিষ্ট কমিটিগুলোও এ অধিবেশনেই গঠনের প্রস্তুতি চলছে।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।