• ই-পেপার

জাপানি বিনিয়োগ বাড়াতে স্থিতিশীলতার ওপর জোর জাইকাপ্রধানের

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিবাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন

ডেঙ্গু মোকাবেলায় আরো চিকিৎসক-নার্স প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
ডেঙ্গু মোকাবেলায় আরো চিকিৎসক-নার্স প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশে চলমান ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় আরো চিকিৎসক ও নার্স প্রয়োজন।’

রবিবার (৫ জুলাই) স্বল্প ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবায় উপযোগী প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশীয় গবেষণা ও উদ্ভাবনে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। বিজ্ঞানী ও উদ্ভাবকদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। স্থানীয়ভাবে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন হলে রোগী ও অর্থনীতি দুই-ই উপকৃত হবে।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার দীর্ঘ সময় পরও চিকিৎসা সরঞ্জামের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। কাঁচি থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা ও প্যাথলজি যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক নয়। দেশের বিজ্ঞানী ও উদ্ভাবকদের সক্ষমতার কোনো ঘাটতি নেই। সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবেই অনেক উদ্ভাবন বাস্তবায়ন হয় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে উদ্ভাবিত ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ জুতা বিদেশেও আগ্রহ সৃষ্টি করেছে।’

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের অনেক বিজ্ঞানী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সঙ্গে কাজ করছেন। কিন্তু দেশীয় উদ্ভাবনের জন্য পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সুস্থ জনগোষ্ঠী ছাড়া শক্তিশালী অর্থনীতি ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। দেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা আরো বাড়াতে হবে। ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ প্লাজমা লিকেজ। এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ জরুরি। সীমিত জনবল নিয়েও চিকিৎসকেরা নিষ্ঠার সঙ্গে সেবা দিচ্ছেন।’

ঢাকাসহ ১৪ জেলার জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ১৪ জেলার জন্য দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। 

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

করদাতাদের ফাইল অডিটে পড়ার কথা বলে এক শ্রেণির প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই পরিস্থিতিতে কোনো অবস্থাতেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) এনবিআর-এর রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে এক শ্রেণির প্রতারকচক্র করদাতাদের কর নথি (File) অডিটে পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে।

এই বিষয়ে করদাতাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে এনবিআর চার দফা নির্দেশনা দিয়েছে :

লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয় : এনবিআর-এর কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।

আর্থিক লেনদেনে সতর্কতা : কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে অথবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

তথ্য যাচাই : এই ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (SMS) বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইনি ব্যবস্থা : কোনো প্রতারকচক্র যদি এনবিআর-এর কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) অবহিত করতে এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করতে বলা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছসেবা প্রদানে বদ্ধপরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সন্দেহভাজন এই প্রতারকচক্রের হাত থেকে নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখতে করদাতাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।