ফেনীর মুহুরী ও কহুয়া নদী এবং বগুড়ার করতোয়া, ইছামতি ও গজারিয়ার নাব্যতা ফিরিয়ে আনা এবং পুনরুজ্জীবিত করতে ২ হাজার ৬৩৬ কোটি টাকার দুটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া এতে আরো তিনটি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বন্যায় ফেনীর বিভিন্ন নদীতে অতিরিক্ত পলি জমে স্বাভাবিক পানিপ্রবাহ কমিয়ে দেয়। এ ছাড়া বিভিন্ন নদীর বাঁধ ও তীর ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রতি বছর অতিভারি বর্ষণ ও উজানে ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পানিতে বন্যার সৃষ্টি হচ্ছে। এসব ক্ষতিগ্রস্ত বাঁধ ও তীর শক্তিশালী করা এবং মুহুরী ও কহুয়া নদীতে পানির ধারণক্ষমতা বৃদ্ধির ফলে প্রকল্প এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি, নদীভাঙন রোধ, জনসম্পদ রক্ষায় ১ হাজার ৫৪২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পের উদ্দেশ্যে বলা হয়েছে, বেসরকারি অবকাঠামো, কৃষিজমিসহ ১৪ হাজার ২০৯ কোটি টাকার সম্পত্তি সুরক্ষা, ৩ লাখ ৭১ হাজার ৭৩৫ টন কৃষি, ১৫ টন মৎস্য ও ২৫ টন পোলট্রি রক্ষা করতে ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা, ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন ও ৭৭টি ইনলেট নির্মাণসহ অন্যান্য নির্মাণকাজ করা হবে।
এটি ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)। প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছরের জুলাই থেকে ২০৩১ সালের জুনে কাজ শেষ হবে। প্রকল্প এলাকা ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী ও সদর উপজেলা।
এদিকে গত ৬ এপ্রিলে একনেকে ফেরত পাঠানো ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্পটি আবারো একনেকে তুলতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। প্রায় ১ হাজার ৯৪ কোটি টাকা ব্যয়ে বগুড়া ও গাইবান্ধার নয়টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী পুনরুজ্জীবিত করা হবে। প্রকল্পটি অনুমোদন পেলে কাজ শেষ হবে ২০৩০ সালের জুনে।
প্রকল্পের লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর ২৩০ কিলোমিটার পুনঃখনন করা হবে। প্রায় ২২ দশমিক ৭২ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে। নদীতীরবর্তী ছয় কিলোমিটার স্লোপ প্রকেটশনের মাধ্যমে শহরের ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনাসহ সাড়ে তিন কিলোমিটার নদীতীর রক্ষায় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য নির্মাণ করা হবে প্রায় এক কিলোমিটার বাঁধ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০২৩ সালে সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। মোট ৯টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। এসব উপজেলার মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ, বগুড়া সদর, শাজাহানপুর, দুপচাঁচিয়া, আদমদীঘি, গাবতলী, ধুনট, শেরপুর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে।
প্রকল্প দুটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সংস্থাটির কর্মকর্তারা বলেন, সরকারের চলমান নদী ব্যবস্থাপনা ও পানিসম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দুটি প্রকল্প গুরুত্ব পেয়েছে। সরকার পানির গতিপ্রবাহ নিশ্চিত করতে এরই মধ্যে বিভিন্ন নদী ও শাখা নদী পুনঃখননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই একাধিক অঞ্চলে খাল খননের উদ্বোধন করেছে। সে জন্য পাউবো প্রকল্পটি প্রস্তাব দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে পানি সংরক্ষণ, বন্যা থেকে রক্ষা, সেচ ও কৃষিতে বিশেষ অবদান রাখবে।’
করতোয়া প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা বলেন, ‘প্রকল্পটি আগেরবার একনেকে তোলা হলেও সে সময় আরো বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়। প্রস্তাবনার চেয়ে পাঁচ কিলোমিটার নদীর পুনঃখনন বাড়বে।’











