• ই-পেপার

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা হলে সন্দেহের চোখে দেখা হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা হলে সন্দেহের চোখে দেখা হবে : তথ্যমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ এবং আঞ্চলিক ক্ষেত্রে সার্ক-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সার্কের ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার বাইরে, অন্য কোনো শক্তির ওপর ভর করে কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা করা হলে, তাকে সন্দেহের চোখে দেখা হবে।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘যারা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন, আর যারা বাইরে কথা বলেন তাদের ভাষা এক হলেও মনোজগতে পার্থক্য রয়েছে। এজন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না। আমরা নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশি।’ এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনকে একটি বিরাট অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘যারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা বলছেন, তারা কোনো মিশন নিয়ে বাংলাদেশে এসেছেন সেটা ভাবতে হবে। তবে জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার।’ দায়িত্বজ্ঞানহীন ও আপত্তিকর মন্তব্য পরিহার করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রীসহ বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যেসব বিষয়ে সহমত হয়েছে সেগুলো অক্ষরে-অক্ষরে পালন করা হবে। তবে যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেগুলো এর বাইরে থাকবে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে, তাই তারা এগুলো বাস্তবায়ন করতে পারে।’

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম অপপ্রচারের সমালোচনা করে বলেন, ‘অনেকে অপপ্রচার করছে যে বিএনপি সংস্কারের পক্ষে নয় কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ভিন্ন চিন্তা করছে। আসলে বিষয়টি তেমন নয়। বিএনপি জুলাই সনদের স্বাক্ষরিত অংশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।’ বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার একটি চমৎকার ও জনবান্ধব বাজেট দিয়েছে, যা অতীতে কখনো হয়নি। বিরোধী দল কেবল বিরোধিতার খাতিরেই এর বিরোধিতা করছে এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জুলাই সনদের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘এই সনদে প্রথমে গণভোটের বিষয়টি ছিল না। পরবর্তীতে জাতীয় নির্বাচন যাতে বিঘ্নিত না হয়, সেজন্য একই দিনে গণভোটের বিষয়টি যুক্ত হয়। বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর পর ৫ কোটি মানুষ এর পক্ষে রায় দেয়। সংসদে বর্তমানে বিএনপির সদস্য সংখ্যা বেশি থাকায় তারা সংস্কার করতে পারে উল্লেখ করে এই বিষয়গুলো সংসদে আলোচনার তাগিদ দেন তিনি।’

সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের উদ্যোক্তা সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত, সেজন্যই সনদে নোট অব ডিসেন্ট রয়েছে। জনগণের ম্যান্ডেট পেয়ে যারা সরকার গঠন করেছে, তারাই জুলাই সনদ বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেভাবেই হুবহু তা বাস্তবায়ন করবে।’

সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা রাশেদ খান ও মোমিনুল আমিন।

চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকারসহ ৪ এমপি

অনলাইন ডেস্ক
চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকারসহ ৪ এমপি

চার দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দুপুর ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল।

চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ শনিবার চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান। কুনমিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইনসযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করে সংসদীয় দল।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ১১ জানুয়ারি কুনমিংয়ে আয়োজিত সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
 
এবারের দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে থিম কান্ট্রি বাংলাদেশের দেশীয় পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলয়ন অংশ নিচ্ছে। ১৬ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চলমান এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথিবীর ৬৮টি দেশ অংশগ্রহণ করছে।

সফরে ডেপুটি স্পিকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সাথে একান্ত বৈঠক করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে ডেপুটি স্পিকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন ও তিস্তা ব্যারাজ নির্মাণে চীনা সহযোগিতা অব্যাহত রাখাসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ইকোনমিক জোন, পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার আহ্বান জানান। 

চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন উন্নয়ন সেক্টরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে তারা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছেন বলে উল্লেখ করেন।

কুনমিং আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে আজ সকালে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশে চালকবিহীন ভবিষ্যৎ পরিবহনব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন। চীনের ইউনান প্রদেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থাপনা কেবল নতুন সড়ক বা রেলপথ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি স্মার্ট, সবুজ, নিরাপদ এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা মডেল প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে।

ইউনান ‘ডিজিটাল ইউনান’ কর্মসূচির অংশ হিসেবে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা এবং ইন্টারনেট অব থিংস প্রযুক্তি ব্যবহার করবে।

এর আওতায় রিয়েল-টাইম ট্রাফিক পর্যবেক্ষণ, স্মার্ট ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, যাত্রীদের জন্য একীভূত তথ্যসেবা প্ল্যাটফর্ম, ই-টোল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

সংসদীয় দলের অন্য সদস্য হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই। এ ছাড়া সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন প্রতিনিধিদলের সঙ্গে সফর করেন।

ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘জুলাই থেকে ব্যাপক হারে কৃষক কার্ড দেওয়ার কাজও শুরু হবে। দেশে কৃষি উৎপাদন বাড়াতে এই খাতে সরকারের বিনিয়োগ আরো বাড়াতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। দেশের কৃষি খাত এবং প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় এই কার্ড বিতরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।’

আলোচনাসভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় সারাদেশ থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদল সেই লক্ষ্য অর্জনে একটি কার্যকর শক্তি হিসেবে কাজ করতে পারে।’

তিনি আরো বলেন, ‘দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে তরুণদের হাত ধরেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।’

এর আগে সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘Roadmap on Trade Growth and Economic Diplomacy Conference’-এ বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী।

সম্মেলনে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সব নাগরিকের মর্যাদা, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই বর্তমান সরকার উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়।’ তিনি বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।’

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা | কালের কণ্ঠ