• ই-পেপার

ঈদ যাত্রা : বাড়ি ফিরছে কোটি মানুষ

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা এই সফরে ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

ঙু

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। এই সফর দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে : পরিবেশমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

শুক্রবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) নবনির্বাচিত পরিষদ (২০২৬-২০২৮ মেয়াদ)-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘দেশের সম্পদ বৃদ্ধি করা ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য।’

তিনি বলেন, ‘অনেক সময় ঢালাওভাবে সব ব্যবসায়ীর সমালোচনা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। দেশের অনেক ব্যবসায়ী নিয়ম-কানুন মেনে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অবদান গুরুত্বপূর্ণ।’

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ সৃষ্টি মূলত ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে হয়ে থাকে। সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব হলেও দারিদ্র্য ভাগ করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংগৃহীত ছবি

সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধ এবং সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন এবং সংবিধানের বিধান অনুযায়ী, তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বঙ্গভবনে অফিস করবেন ও সংসদ ভবনে স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এক আলাপকালে তিনি এই কথা জানান।

এর আগে শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তাব্যবস্থা বলবৎ হয়েছে।

এদিন মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করবেন এবং দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।