• ই-পেপার

স্মরণ

দেশের বিজ্ঞান গবেষণার অগ্রপথিক ড. এম এ ওয়াজেদ মিয়া

ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

অনলাইন ডেস্ক
ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য মারা গেলে ১০ লাখ টাকা দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ জুন) ইসির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা এসংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা, গুরুতর আহত/অস্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এ ছাড়া দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ/গুরুতর অসুস্থ/মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে ৩ লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

এ ক্ষেত্রে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট পন্থায় আবেদন করতে হবে। সে আবেদন নির্দিষ্ট কমিটির মাধ্যমে কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন যা নির্ধারণ করবে, সেই অনুযায়ী অনুদান প্রদান করা হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এর আগে সুনির্দিষ্ট কোনো নীতিমালা সুস্পষ্ট আকারে ছিল না। এবার সেটা করা হয়েছে। এর ফলে অনুদানের অর্থ উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বণ্টন হবে, তা নিয়েও সংকট কাটবে। 

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা

অনলাইন ডেস্ক
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা

বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার। এ জন্য ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার কৃষকদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোট বরাদ্দের মধ্যে চারা বাবদ ১২ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা, জৈব সার (গোবর) বাবদ ১৯ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা, বাঁশের খুঁটি বাবদ ৮ কোটি ১৪ লাখ টাকা, পরিবহণ ব্যয় বাবদ ৭ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকা এবং আনুষঙ্গিক ও অপ্রত্যাশিত ব্যয় বাবদ ৫ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চারার প্রজাতি অনুযায়ী কৃষি সহায়তাকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে কৃষক ৩০ কেজি জৈব সার ও একটি করে বাঁশের খুঁটি বিনামূল্যে পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরগুলো এ বিষয়ে কাজ করছে এবং খুব শিগগিরই চারা বিতরণ শুরু করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ বাসস’কে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন কক্সবাজারের চকরিয়া উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিন দেশের সব জেলা ও উপজেলায় চারা বিতরণ শুরু করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় তিনটি বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। 

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। 

বায়ুদূষণের শীর্ষে কাম্পালা, ১২২ নগরীর মধ্যে ঢাকার খবর কী

অনলাইন ডেস্ক
বায়ুদূষণের শীর্ষে কাম্পালা, ১২২ নগরীর মধ্যে ঢাকার খবর কী

বিশ্বে জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়ন কাজের জন্য দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গত কয়েকদিন ধরেই ঢাকার বায়ুমানে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা। এ নগরীতে বায়ুরমান ১৭৯। অন্যদিকে ১২২ নগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৮তম স্থানে।

বুধবার (১০ জুন) সকালে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৮তম। একিউআই মানদণ্ড অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ফলে আগের তুলনায় রাজধানীর বায়ুমানে উন্নতি হওয়ায় দূষিত শহরের তালিকায়ও নিচের দিকে নেমে গেছে ঢাকা।

আরো পড়ুন

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

 

এদিকে, আজ তালিকার শীর্ষে অবস্থান করছে উগান্ডার কাম্পালা, একিউআই স্কোর ১৭৯। এরপর ১৬৭, ১৬৩ ও ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও ৪র্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও মিশরের কায়রো।

এই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

আরো পড়ুন

হজ শেষে দেশে ফিরেছেন  ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

হজ শেষে দেশে ফিরেছেন  ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

 

কণা দূষণের এই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যান। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

দেশের বিজ্ঞান গবেষণার অগ্রপথিক ড. এম এ ওয়াজেদ মিয়া | কালের কণ্ঠ