• ই-পেপার

করোনা উপসর্গ, কোন ওষুধ খাবেন, কোনটা খাবেন না

দ্রুত সমঝোতা স্মারক সইয়ের সম্মতি

মরিশাসে আবার চালু হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক
মরিশাসে আবার চালু হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার
আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম। ছবি : কালের কণ্ঠ

মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার আবার চালু হতে যাচ্ছে। দেশটি থেকে বাংলাদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করতে শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করবে দুই দেশ।

সোমবার (৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সাইডলাইনে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সম্মতি আসে। জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এই বৈঠকে মিলিত হন।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে মরিশাস সরকারকে অনুরোধ করেন।

বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা তুলে ধরে মন্ত্রী জানান, ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প ছাড়াও বাংলাদেশ থেকে এখন ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার উচ্চ দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে প্রস্তুত সরকার। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।

বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে মরিশাস সরকার অত্যন্ত আগ্রহী। বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের প্রসারে প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন।

মরিশাসের মন্ত্রী আশ্বস্ত করেন, পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের গভীর আগ্রহের কথাও বৈঠকে প্রকাশ করেন তিনি।

দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।

জলবায়ু পরিবর্তনে বছরে ক্ষতি ২৫ কোটি কর্মঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনে বছরে ক্ষতি ২৫ কোটি কর্মঘণ্টা

বাংলাদেশ বর্তমানে বহুমাত্রিক জলবায়ু সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রতি বছর প্রায় ২৫ কোটি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ০.৪ শতাংশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশগত অবক্ষয় এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং কার্যকর ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে বলে সতর্ক করেন বক্তারা।

আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়। জলবায়ু সংকট ও কর্মসংস্থানের ভবিষ্যৎ: টেকসই ও ন্যায্য বাংলাদেশের পথে যাত্রা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ (এনএজেটিবি)।

মূল প্রবন্ধ উপস্থাপনায় বিএলএফ প্রোগ্রাম অফিসার মো. জুবায়ের আলম জানান, ২০২৪ সালে বাংলাদেশ ইতিহাসের অন্যতম দীর্ঘ ও তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। ২০২৬ সালেও অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রির ওপরে রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা আগামী জুন-আগস্টে ৮০ শতাংশ সম্ভাবনায় এল নিনো পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে।

আলোচনাসভায় বক্তব্য দেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন, প্রধান সমন্বয়ক এন আহম্মদ, ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের সমন্বয়ক নুরুল আমিন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) কুতুবুদ্দিন আহমেদ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) আবুল কালাম আজাদ এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান।

বক্তারা বলেন, তীব্র গরম, বিদ্যুৎ সংকট ও অপরিকল্পিত নগরায়নের কারণে শ্রমজীবী মানুষ ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। শ্রমিকরা হিট স্ট্রোক, পানিশূন্যতা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া ও কিডনি জটিলতায় ভুগছেন। একই সঙ্গে নারীদের পুষ্টি, মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা সতর্ক করেন, জলবায়ু পরিবর্তন শ্রমবাজার ও কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে, ফলে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন কৌশলে জলবায়ু সহনশীলতা অপরিহার্য হয়ে উঠেছে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যের সঙ্গে জলবায়ু কর্মকৌশলকে সমন্বয়ের আহ্বান জানান।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম আহ্বায়ক নুুরুল আমিন বলেন, দেশের শিল্পনীতি এখনও উৎপাদন লক্ষ্যমাত্রাকেন্দ্রিক, আর শ্রমিকরা জলবায়ু অভিযোজন পরিকল্পনা থেকে বহুলাংশে বাদ পড়ে আছেন।

ইউথনেট গ্লোবালে নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, তরুণরা জলবায়ু সংকট এবং ভবিষ্যৎ শ্রমবাজার দুইয়েরই উত্তরাধিকারী হবে। সবুজ কর্মসংস্থান, জলবায়ু সহনশীল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে তাপ সুরক্ষায় বিনিয়োগ জরুরি।

গন্ধর্বপুর পানি শোধনাগারের কাজ এক বছরে শেষ করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
গন্ধর্বপুর পানি শোধনাগারের কাজ এক বছরে শেষ করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী। ছবি : কালের কণ্ঠ

রাজধানীর নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মীয়মাণ গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুন) ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য এই প্লান্টটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রকল্পের অবশিষ্ট কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

মতবিনিময়সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের পেশাদারি, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের পানিসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ সংরক্ষণও সহজ হবে।’

রাজধানীবাসীর দীর্ঘদিনের পানি সংকটের টেকসই সমাধানে ভূ-উপরিস্থ পানির ব্যবহার আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি এবং দ্বিতীয় ফেজ থেকেও সমপরিমাণ ৫০ কোটি লিটার পানি দৈনিক রাজধানীতে সরবরাহ করা হবে।

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : দুলু

অনলাইন ডেস্ক
বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : দুলু
সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বিদ্যমান জাতীয় নীতিমালা আধুনিকায়ন এবং বজ্রাঘাতে প্রাণহানি কমাতে মাঠপর্যায়ে নানামুখী প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করছে সরকার।  সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে (বাজেট অধিবেশন) সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আরো পড়ুন
বিরোধী দলের আসনগুলোতে টিআর-কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ

বিরোধী দলের আসনগুলোতে টিআর-কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ

 

সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সামগ্রিক ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, বন্যা, খরা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকার ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং (২০২১-২০২৫) এবং ‘স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার’ বা এসওডি প্রণয়ন করেছে। বর্তমান সরকার এই দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিদ্যমান পরিকল্পনাগুলোকে আরো সময়োপযোগী ও হালনাগাদ করতে কাজ করছে। এরই অংশ হিসেবে এসওডি সংশোধন এবং ২০২৬-২০৩০ মেয়াদের নতুন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল গঠন, প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম গতিশীল করতে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন, যা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। 

আরো পড়ুন
ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় থাকা ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় থাকা ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

 

এদিকে বজ্রাঘাতে প্রাণহানির বিষয়ে সংরক্ষিত নারী আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানার করা প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, “দেশের বজ্রপাতপ্রবণ এলাকায় প্রাণহানি কমানোর বিষয়ে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের পূর্বাভাস তৈরি করে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ‘ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স’ বা আইভিআর প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।”

এ ছাড়া মাঠপর্যায়ে লিফলেট বিতরণ, পোস্টার ও বিশেষ মহড়ার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষক ছাউনি কাম বজ্রনিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তাল গাছ রোপণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

করোনা উপসর্গ, কোন ওষুধ খাবেন, কোনটা খাবেন না | কালের কণ্ঠ