একজন নারীর মা হয়ে ওঠার পরের অধ্যায়টি একদিকে যেমন আনন্দের, তেমনি বহু চ্যালেঞ্জে ভরপুর। এসব নিয়ে গবেষণা, আলোচনা, তর্ক-বিতর্কের শেষ নেই। তবে যে পুরুষ বাবা হয়ে ওঠেন, তার জীবনেও আছে রূপান্তরের চ্যালেঞ্জ। বিষয়টি নিয়ে আলোচনা যেমন নেই, তেমনি আছে সচেতনতার অভাব। কারণ ধরেই নেওয়া হয় পুরুষ মানেই শুধু আধিপত্যের গল্প। সংকট, দুর্বলতা অথবা চ্যালেঞ্জের কোনো জায়গা নেই একজন পুরুষের জীবনে।
তবে আধুনিক সময়ের গবেষণা বলছে, পুরুষের জন্যও পিতৃত্ব সহজ কিছু নয়। সন্তানের জন্ম শুধু নারীকে বদলে দেয় না, পুরুষের জীবনেও গভীর জৈবিক, মানসিক ও সামাজিক পরিবর্তন নিয়ে আসে। দুই দশকের বেশ কিছু গবেষণায় দেখা গেছে, বাবা হওয়ার পর পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, এমনকি সামাজিক ভূমিকাতেও বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।
সন্তান প্রসবের পর অনেক নারীর পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব-পরবর্তী বিষণ্নতায় আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকেরই জানা। এই বিষণ্নতা কখনো কখনো গুরুতর মানসিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। দীর্ঘদিনের বিষণ্নতা, উদ্বেগ, ক্লান্তি ও আবেগগত অস্থিরতায় ভুগে আত্মহনন কিংবা সন্তানকে হত্যার মতো ঘটনাও বিরল নয়।
সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় দেখা গেছে, মায়ের পাশাপাশি বাবারাও সন্তানের জন্ম-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতে পারেন। শুধু তা-ই নয়, বিষণ্নতায় আক্রান্ত হওয়ার সংখ্যাও চমকে ওঠার মতো। আবার বিষয়টি নিয়ে পারিবারিক ও সামাজিক সচেতনতা প্রায় শূন্যের কোটায় থাকায় পিতৃত্বের জগতে পা রাখা পুরুষের জীবনে বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে।
গবেষণায় দেখা গেছে, বাবারা এমন এক সময়ে গিয়ে পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হন, যখন মায়েরা সন্তান জন্মদানের প্রাথমিক ধকলের পর্ব পার করে ফেলেছেন। ফলে তখন বাবাদের বিষণ্ন জীবন শুরু হলেও বিষয়টিকে সন্তানের জন্মের সঙ্গে সম্পর্কিত হিসেবে অনেকে ভাবতে পারেন না। এতে ধীরে ধীরে জটিল হতে পারে বাবাদের মানসিক সমস্যা।
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জেএএমএ নেটওয়ার্ক জার্নালে চলতি বছরের মার্চে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, বাবাদের বিষণ্নতা ও স্ট্রেসজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অপ্রত্যাশিত একটি সময়ে বাড়তে থাকে। সন্তান জন্মের পর প্রথম বছরের শেষভাগে ৩০ শতাংশ বাবার ক্ষেত্রে এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বে ২৯ থেকে ৪০ শতাংশ মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন। বাংলাদেশে এই হার প্রায় ৩৯.১ শতাংশ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে বৈশ্বিক বিভিন্ন গবেষণায় বাবাদের মধ্যে এই রোগে আক্রান্তের হার ৩০ শতাংশ হওয়ার বিষয়টিও বেশ উদ্বেগজনক।
গবেষকেরা ২০০৩ থেকে ২০২১ সালের মধ্যে সুইডেনে জন্ম নেওয়া ১০ লাখেরও বেশি শিশুর বাবাদের তথ্য পর্যালোচনা করে রীতিমতো বিস্মিত হয়েছেন। দেখা গেছে, সন্তান মায়ের গর্ভে থাকার সময় এবং জন্মের পর প্রথম কয়েক মাসে বাবাদের মধ্যে বিষণ্নতা রোগের লক্ষণ প্রকাশ হওয়ার মাত্রা বেশ কম। তবে সন্তান জন্মের এক বছর পর অনেকের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট হতে শুরু করে। এ কারণে রোগটির সঙ্গে সন্তান জন্মের যোগসূত্র অনেকে ধরতে পারেন না। আর তাই বাবারা থাকেন সবার মনোযোগ, যত্ন ও সহমর্মিতার বাইরে।
বিষয়টি নিয়ে নিউইয়র্কের নর্থওয়েল হেলথের সমন্বিত পরিচর্যা কর্মসূচির মেডিক্যাল ডিরেক্টর ডা. খাতিয়া মুন বেশ উদ্বিগ্ন। তিনি বলছিলেন, ‘নতুন সন্তানের আগমন মা-বাবা দুজনের জীবনেই ব্যাপক পরিবর্তন ও চাপ নিয়ে আসে। এ ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য কিছুটা গুরুত্ব পেলেও বাবার মানসিক স্বাস্থ্যের দিকটি সাধারণত সবার নজরের বাইরে থেকে যায়।’
তিনি বলেন, ‘বাবাদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। তবে বাস্তবে তেমনটি খুব দেখা যায় না। আমরা আরো বেশি পরীক্ষা চালাতে পারলে হয়তো সংগ্রামরত বাবাদের শনাক্ত করে সহায়তা দিতে পারতাম।’
ডা. মুন মনে করছেন, সন্তান জন্মের পর সাধারণত নতুন মা ও শিশু সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকেন। এতে করে পুরুষের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা নজর এড়িয়ে যাওয়া ঝুঁকিতে পড়ে। তিনি বলেন, ‘গর্ভধারণ করা মা ও নবজাতকের দুর্বল অবস্থার প্রেক্ষাপটে বাবারা অনেক সময় বেশি চাপের মধ্যে পড়েন। সহায়তাকারীর ভূমিকা তাদের ওপর ধীরে ধীরে মানসিক চাপ তৈরি করে। দীর্ঘ সময় ধরে এই ভূমিকা পালন করারও কঠিন হয়ে ওঠে।’
গবেষণা নিবন্ধটির প্রধান লেখক ডংহাও লু মনে করেন, সন্তান জন্মের পর মায়ের পাশাপাশি বাবার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্নের দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন। গবেষণার ফল তুলে ধরে তিনি বলছেন, ‘বাবাদের ক্ষেত্রে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার চিত্রটি খানিকটা পরে দেখা যায়। এ জন্য সন্তান জন্মের অনেক পরেও বাবাদের মানসিক স্বাস্থ্যের অবনতির সংকেতগুলোর দিকে সতর্ক নজর দেওয়া প্রয়োজন।’
বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে বেশির ভাগ পুরুষের মধ্যে দায়িত্ববোধের চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আর্থিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা, পরিবারকে সুরক্ষা দেওয়ার চাপ, এমনকি নিজের ক্যারিয়ার ও পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা নিয়ে উদ্বেগও বাড়তে পারে। আবার বিভিন্ন গবেষণায় শিশুর জন্মের পর প্রথম কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত অনেক বাবার ঘুমের মান ও ঘুমের সময়—দুই ক্ষেত্রেই সমস্যার মুখোমুখি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর ফলে ক্লান্তি, মনোযোগে ঘাটতি, ও কর্মক্ষমতায় ছেদ ঘটতে পারে। এর সবই শেষপর্যন্ত প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যের ওপর।
শিকাগোর ইউনিভার্সিটি অব ইলিনয় এক গবেষণাতেও বাবাদের পোস্টপার্টাম ডিপ্রেশনকে গুরুত্ব দেয়ার তাগিদ দেয়া হয়েছে। ২০২৩ সালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বাবাদের বিষণ্নতা শনাক্ত ও চিকিৎসা করা গোটা পরিবারের জন্যই জরুরি। এর ফলে তার সঙ্গী ও সন্তানের সঙ্গেও সম্পর্কের উন্নতি ঘটে এবং সামগ্রিকভাবে পরিবারের মানসিক স্বাস্থ্য ভালো হতে পারে।
এই গবেষণায় অংশগ্রহণকারী ২৪ জনের মধ্যে ৩০ শতাংশের ক্ষেত্রেই সন্তান জন্মের ১ থেকে ১৫ মাসের মধ্যে বিষণ্নতার লক্ষণ শনাক্ত করেছেন গবেষকেরা। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩১ বছর। তারা সবাই ২০২০ সালে স্ত্রী ও নবজাকের স্বাস্থসেবার জন্য শিকাগোর ইউআই হেলথ টু-জেনারেশন ক্লিনিকে গিয়েছিলেন। ইউনিভার্সিটি অব ইলিনয়ের গবেষকেরা এ সময় দেখতে পান, বাবারা মা এবং সন্তানের স্বাস্থ্যসেবার ব্যাপারে যত্নশীল হলেও অনেক সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। গবেষণায় অংশগ্রহণকারীরা স্বীকার করেছেন, তারা নিজেদের খারাপ অনুভূতি প্রকাশের ক্ষেত্রে দ্বিধা বোধ করেন। কারণ তাদের আশংকা, এগুলো প্রকাশ করলে সন্তানের মায়ের ওপর আরও মানসিক চাপ তৈরি হতে পারে।
কিছু গবেষণায় দেখা যায়, পোস্টপার্টাম ডিপ্রেশন সাধারণভাবে প্রায় ৮ থেকে ১৩ শতাংশ বাবাকে আক্রান্ত করে। তবে সন্তানের মাও এই রোগে আক্রান্ত হলে বাবাদের মধ্যে আক্রান্তের হার ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ নবজাতক ও মায়ের সেবাযত্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বাবারাই পরে বিষণ্নতা রোগে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকেন।
ডা. মুন বলছেন, বাবা হওয়ার বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পুরুষকেও প্রচণ্ড সংগ্রাম করতে হয়। তাই মায়ের পাশাপাশি বাবাদের প্রতিও সমাজ ও পরিবারের সহমর্মী হওয়া উচিত। পুরুষ দৃশ্যত শক্তিধর হলেও তারও মানসিক সহায়তার প্রয়োজন রয়েছে। তারা সহায়তা না পেলে শেষপর্যন্ত পরিবারের অন্যকে সাহায্য করার ভূমিকাও ঠিকমতো পালন করতে পারে না।
বাবাদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগ বা উপসর্গের প্রতি মনোযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ডা. মুন। পুরুষদের সংকটের বিশেষ আরেকটি দিক তুলে ধরে তিনি বলছেন, ‘গর্ভবতী অথবা নতুন মা অনেক বেশি চিকিৎসা, লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগের সুযোগ পান। বাবাদের ক্ষেত্রে এটি ঘটে না। কারণ পুরুষের ক্ষেত্রে এসব বিষয় নিয়ে নিজেদের ভেতরে আলোচনা করা অথবা সংযোগ গড়ে তোলার প্রবণতা তুলনামূলকভাবে বেশ কম।’
আর তাই নতুন সন্তানের জনকদেরও নিজস্ব নেটওয়ার্ক গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন ডা. মুন। এই নেটওয়ার্কের সদস্যরা একদিকে যেমন নিজেদের পিতৃত্বের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন, তেমনি যেকোনো মানসিক সংকট বা জটিলতায় পরস্পরের দিকে বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত।




