• ই-পেপার

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন উপলক্ষে থাকছে বিশেষ উপহার

বিনোদন ডেস্ক
মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন উপলক্ষে থাকছে বিশেষ উপহার
সংগৃহীত ছবি

তামিল সিনেমার সুপারস্টার থেকে রাজনীতির শীর্ষে উঠে আসা বিজয়ের জনপ্রিয়তা সময়ের সঙ্গে আরো বেড়েছে। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেও ভক্তদের কাছে তাঁর চলচ্চিত্রের আবেদন এতটুকুও কমেনি। 

তাই জন্মদিন উপলক্ষে তাঁর অনুরাগীদের জন্য থাকছে বিশেষ চমক। আগামী ১৯ জুন আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিজয়ের ব্লকবাস্টার সিনেমা ‘মার্সাল’। ২২ জুন বিজয়ের জন্মদিনকে সামনে রেখে চেন্নাই ও চেঙ্গালপাট্টুর নির্বাচিত সিনেমা হলে ছবিটি পুনর্মুক্তি দেওয়া হবে বলে খবর ইন্ডিয়া টুডের।

২০১৭ সালে মুক্তি পাওয়া অ্যাটলি কুমার পরিচালিত ‘মার্সাল’ বিজয়ের ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা। এই ছবিতে তিনি একসঙ্গে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন—একজন বাবা এবং তাঁর দুই ছেলের ভূমিকায়। অভিনয়ের বৈচিত্র্য ও গল্পের উপস্থাপনার কারণে ছবিটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

‘মার্সাল’-এ বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, নিত্যা মেনন, এস জে সূর্য, সত্যরাজ, ভাদিভেলু, কোভাই সারালা, হারিশ পেরাডিসহ আরও অনেক শিল্পী। বিশেষ করে খলচরিত্রে এস জে সূর্যের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। একই সঙ্গে তিন নায়িকার উপস্থিতি ছবির বাণিজ্যিক আবেদন আরো বাড়িয়ে দেয়।

Mersal (2017) - IMDb

‘মার্সাল’ ছিল পরিচালক অ্যাটলি ও বিজয়ের দ্বিতীয় যৌথ সিনেমা। এর আগে ‘থেরি’ দিয়ে এই জুটি দারুণ সাফল্য পেয়েছিল। পরে তারা আবার একসঙ্গে কাজ করেন ‘বিগিল’-এ। 

অনেকের মতে, অ্যাটলির পরিচালনায় বিজয়ের ‘ম্যাস’ ইমেজ নতুন উচ্চতায় পৌঁছায় এবং ‘মার্সাল’ সেই ধারার অন্যতম সেরা উদাহরণ।

মুক্তির পর ‘মার্সাল’ শুধু সাফল্যই নয়, বেশ কিছু বিতর্কেরও জন্ম দেয়। ছবিতে চিকিৎসাব্যবস্থা ও করনীতি নিয়ে কিছু সংলাপ রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। এছাড়া জাদুকরদের একটি সংগঠনও ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানায়।

তবে এসব বিতর্ক ছবির জনপ্রিয়তায় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং আলোচনা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহও বৃদ্ধি পায়।

Mersal (2017) - IMDb

দীপাবলি উপলক্ষে ১৮ অক্টোবর ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মার্সাল’ বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি রুপি আয় করে এবং সে সময়ের অন্যতম সফল তামিল সিনেমায় পরিণত হয়। আরো একটি উল্লেখযোগ্য মাইলফলক হলো, এটি ছিল প্রথম তামিল চলচ্চিত্র যা চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

মুক্তির প্রায় নয় বছর পরও ‘মার্সাল’-এর আবেদন অটুট। সামাজিক বার্তা, পারিবারিক আবেগ, অ্যাকশন, বিনোদন ও বাণিজ্যিক উপাদানের ভারসাম্য ছবিটিকে আজও দর্শকদের কাছে আকর্ষণীয় করে রেখেছে।

এদিকে বিজয় বর্তমানে রাজনীতিতে সক্রিয় এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে তাঁর অভিনয়ে নিয়মিত ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর শেষ সিনেমা হিসেবে ঘোষিত ‘জনা নায়াগান’-এর মুক্তির তারিখও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এ অবস্থায় ‘মার্সাল’-এর পুনর্মুক্তি বিজয়ভক্তদের জন্য এক বিশেষ উপহার বলেই মনে করছেন অনেকে। কারণ, বড় পর্দায় প্রিয় তারকাকে দেখার সুযোগ এখন তাঁদের কাছে আগের চেয়ে অনেক বেশি মূল্যবান।
 

বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?

বিনোদন প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা শুরু হলেই বাংলাদেশ যেন রঙে রঙে ভাগ হয়ে যায়। দেশের অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলে প্রিয় দল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক আর সমর্থনের প্রকাশ। এই আবেগ থেকে দূরে নন শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ ব্রাজিলের সাম্বা ফুটবলের ভক্ত, আবার কেউ আর্জেন্টিনার নীল-সাদা জার্সির প্রেমে মুগ্ধ। অন্যদিকে কয়েকজন তারকা সমর্থন করেন ইউরোপের দলগুলোকেও।

বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, আসিফ আকবর, অপু বিশ্বাস, শবনম বুবলী ও বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত।

নিজের পছন্দের দল নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘ব্রাজিলের খেলার মধ্যে একটা ছন্দ আছে। একটু অন্য রকম খেলে। খুব পছন্দ করি। দলটির জন্য অনেক অনেক ভালোবাসা।’

একই অনুভূতির কথা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি।’

অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের তালিকাও বেশ দীর্ঘ। এই তালিকায় রয়েছেন জাহিদ হাসান, রাফিয়াথ রশীদ মিথিলা, পরীমনি, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, আব্দুন নূর সজল, মামনুন ইমন, পূজা চেরী, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, জায়েদ খান ও তানজিকা আমিনসহ আরও অনেকে।

চঞ্চল চৌধুরী নিজের সমর্থনের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা। বুঝতে শেখার পর থেকেই এই দলের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। আমি যেমন আর্জেন্টিনা সমর্থন করি, আমার পুত্রও তাই করে। দুজনের পছন্দের দল এবারের বিশ্বকাপে ভালো কিছু করুক—এটাই প্রত্যাশা।’

অভিনেতা আব্দুন নূর সজল বলেন, ‘অনেক কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনা। খুব ছোটবেলায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার স্মৃতি আজও মনে পড়ে।’

রাফিয়াথ রশীদ মিথিলাও আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে বলেন, ‘শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। বিশ্বকে ওরা নান্দনিক খেলা উপহার দিয়ে যাচ্ছে বহু বছর ধরে। আমি ম্যারাডোনার খেলা যেমন ভালোবাসি, মেসির খেলাও ভালোবাসি। এই বিশ্বকাপে প্রিয় দল ভালো কিছু করুক, রেকর্ড করুক, সেটাই চাওয়া।’

ব্রাজিল ও আর্জেন্টিনার বাইরে অন্য দেশের সমর্থকও রয়েছেন শোবিজ অঙ্গনে। অভিনেতা সিয়াম আহমেদের পছন্দের দল স্পেন। 

তিনি বলেন, ‘দেখা গেছে, বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন। ওদের খেলা খুব ভালো লাগে। খুব উপভোগ করি। অন্য রকম ছন্দ নিয়ে খেলে ওরা, যা আমাকে মুগ্ধ করে। এবার কোন দল জিতবে কেউ জানি না, কিন্তু আমার প্রত্যাশা স্পেন ভালো কিছু করুক।’

বিশ্বকাপের সময় দলভেদে মতপার্থক্য থাকলেও একটি জায়গায় সবাই একমত—ফুটবল যেন উপহার দেয় স্মরণীয় সব মুহূর্ত, আর প্রিয় দল যেন নিজেদের সেরাটা দিয়ে ভক্তদের আনন্দিত করতে পারে সে প্রত্যাশাই সবার।

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে উচ্চকক্ষের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই তাঁর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল মল্লিক।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজয়ের মুখ দেখার পর থেকেই দলটির অভ্যন্তরে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এরই ধারাবাহিকতায় এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় দলটির সদস্যসংখ্যা ১৩ থেকে কমে ৯-এ দাঁড়িয়েছে।

রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই দলটির আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন।

উল্লেখ্য, দীর্ঘদিন অভিনয়জগতেই সক্রিয় থাকলেও রাজনীতির ময়দান থেকে নিজেকে দূরে রেখেছিলেন কোয়েল মল্লিক। তাই ফেব্রুয়ারিতে রাজ্যসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। পরে এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।

সেই সময় নিজের নতুন দায়িত্ব নিয়ে কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’

তবে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর পদত্যাগের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অবশেষে সিনেমায় আদনান আল রাজীব, আসছেন প্রেমের গল্প নিয়ে

বিনোদন প্রতিবেদক
অবশেষে সিনেমায় আদনান আল রাজীব, আসছেন প্রেমের গল্প নিয়ে
সংগৃহীত ছবি

বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে পরিচিত আদনান আল রাজীব। বিজ্ঞাপনের পাশাপাশি তার নির্মিত একাধিক টেলিভিশন নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের স্বীকৃতি অর্জন করেছেন তিনি। 

গত বছর তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়ে দেশের জন্য এক নতুন ইতিহাস গড়ে। পরে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও প্রশংসা ও পুরস্কার অর্জন করে।

এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন ছিল, কবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন এই নির্মাতা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিলেন আদনান আল রাজীব। আর তার প্রথম চলচ্চিত্র হবে একটি প্রেমের গল্প।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে দীর্ঘ এক বার্তায় রাজীব লিখেছেন, ‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো এক দিন একটা প্রেমের সিনেমা বানাব। স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সব সময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

প্রেমের গল্প খুঁজে পাওয়ার দীর্ঘ যাত্রার কথাও তুলে ধরেছেন তিনি। রাজীব লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’

অবশেষে সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিয়ে পোস্টের শেষ অংশে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দেন। 

রাজীব লিখেছেন, ‘হঠাৎ এক দিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

যদিও সিনেমাটির নাম, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সময় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতা, তবে তার ঘোষণার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন এই প্রেমের সিনেমা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
 

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই | কালের কণ্ঠ