বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে হৃদয়ছোঁয়া এক স্মৃতি শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি তুলে ধরেছেন নিজের শৈশবের ত্যাগ, বাবার স্বপ্ন ও ভালোবাসার গল্প।
তৌসিফ লিখেছেন, ‘যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ তার একটাই স্বপ্ন ছিল তার ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা।’
বাবার ত্যাগের কথা স্মরণ করে তিনি আরো লেখেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তার অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

বর্তমান অবস্থানে এসে বাবার অবদানের কথা স্মরণ করে এই অভিনেতা লেখেন, ‘আজ আমি তার সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি, জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত—আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’
পোস্টের শেষ অংশে বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তৌসিফ লিখেছেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’
বাবা দিবসকে কেন্দ্র করে দেশের শোবিজ অঙ্গনের আরো অনেক তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।





