• ই-পেপার

ভাড়া আত্মসাৎ ও জবরদখলের অভিযোগ : ৭১ লাখ টাকার মামলায় আসামি গ্রেপ্তার

আনসারের সতর্কতায় শাহাজালাল বিমানবন্দরে মোবাইলসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক
আনসারের সতর্কতায় শাহাজালাল বিমানবন্দরে মোবাইলসহ চোর আটক
প্রতীকী ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বে এক মোবাইল ফোন চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্তকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ওই চোরকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাসুম হাওলাদার। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে। ভুক্তভোগী সহযাত্রীর নাম মো. নাছির উদ্দীন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

জানা গেছে, বৃহস্পতিবার ‘বি’ শিফটের দায়িত্ব পালনকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়েতে এক চোর একজন সহযাত্রীর মোবাইল ফোন সুকৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে সেখানে দায়িত্ব পালনরত ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি মো. ইউনুস আলী তাৎক্ষণিকভাবে ধাওয়া করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।

পরে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন ও এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে চুরির অভিযোগের সত্যতা নিশ্চিত হলে তার কাছ থেকে উদ্ধার মোবাইল ফোনসহ তাকে বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অপরাধ দমনের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও জনসাধারণের আস্থা আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহজালাল বিমানবন্দরে ৭২০ গ্রাম সোনাসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরে ৭২০ গ্রাম সোনাসহ যাত্রী আটক
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ৭২০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা জানতে পারে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই হয়ে চট্টগ্রাম আসবে। সেখান থেকে অভ্যন্তরীণ রুটের এক যাত্রী দুবাইয়ের যাত্রীর কাছ থেকে সোনা নিয়ে ঢাকায় অবতরণের পর ডমেস্টিক টার্মিনাল দিয়ে বের হবেন।

এ খবরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হলে এক পর্যায়ে মোহাম্মদ আলাউদ্দিন নামের যাত্রীকে শনাক্ত করা হয়। পরে তার কাছে থাকা বিশেষ কায়দায় লুকানো গুঁড়া করা ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

মেডিক্যাল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

বাসস
মেডিক্যাল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
ছবি : পিআইডি

মেডিক্যাল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, চিকিৎসক হিসেবে পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, সংস্কৃতিই মানব সভ্যতার ভিত্তি। চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা দেশের অন্যতম মেধাবী। তবে মেধার পাশাপাশি মানবিক মন নিয়েই একজন চিকিৎসক অসুস্থ মানুষের সেবার মাধ্যমে জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করেন। 

তিনি আশা প্রকাশ করেন, মেডিক্যাল শিক্ষার্থীরা বিদেশে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসে মানুষের পাশে দাঁড়াবেন এবং সংকটময় সময়ে চিকিৎসাসেবা প্রদান করবেন।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, দেশে প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র ০.৮৩ এবং একজন চিকিৎসককে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এ সংকট আরো প্রকট। এ ছাড়া দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও প্রায় ৭৮ শতাংশ মানুষ বসবাস করেন গ্রামে। নার্সের সংখ্যাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের তুলনায় অনেক কম।

তিনি বলেন, সরকারি চিকিৎসকদের অনুপাতও অত্যন্ত কম হওয়ায় চিকিৎসা ব্যয় এখনও দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে রয়েছে। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীরা দেশসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলে ভবিষ্যতে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

ডা. জুবাইদা রহমান আরো বলেন, এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসী প্রাণ হারাবে না, কোনো অন্তঃসত্ত্বা মা কিংবা নবজাতক প্রতিরোধযোগ্য কারণে মৃত্যুবরণ করবে না। তিনি বলেন, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ এবং এ লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।

কামরাঙ্গীরচরে শ্রমিকদের মারামারি থামাতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীরচরে শ্রমিকদের মারামারি থামাতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন একটি ভবনে দুই শ্রমিকের মধ্যে মারামারি থামাতে গিয়ে শাকিব (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগর ১৮ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় শাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত শাকিবের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেক গ্রামে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের মাহাদীনগর এলাকায় বসবাস করতেন এবং ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালে শাকিবকে নিয়ে আসা তার সহকর্মী মুনছুর আলী জানান, সকালে ভবনটির তৃতীয় তলায় কাজ করার সময় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কাজের বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় শাকিব তাদের থামাতে এগিয়ে গেলে ধস্তাধস্তি ও কিল-ঘুষির মধ্যে পড়ে মাটিতে লুটিয়ে অচেতন হয়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।