‘৫৫ বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটেও উৎপাদন, কৃষি, ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে এমন নীতি ও অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে, যা সম্পদ কেন্দ্রীকরণ, লুটপাট ও অর্থপাচারকে নিরুৎসাহিত করার পরিবর্তে বিদ্যমান বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামোকেই বহাল রেখেছে। এবারের বাজেটে ৩ লাখ কোটি টাকা পাচারের সুযোগ আছে। গণমানুষের স্বার্থ, জাতীয় অর্থনীতির বিকাশ এবং উৎপাদনমুখী বৈষম্য হ্রাসের প্রশ্নে বাজেটে স্পষ্ট রূপরেখা নেই।’
বৃহস্পতিবার (২৫ জুন) বাজেট সংশোধনের দাবিতে আয়োজিত পথসভা, গণসংযোগ ও মানববন্ধন থেকে এসব কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ।
ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, রাজশাহী, গাজীপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, সুনামগঞ্জ, জামালপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, পাবনা, শেরপুর ও সাতক্ষীরাসহ দেশের ২৩টি জেলার ৩২টি স্থানে সংগঠন তিনটি যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত পথসভায় অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য নিজামউদ্দিন ঠাকুর মানু, ইবনুল সাঈদ রানা, জহিরুল ইসলাম কাজল; অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমেদ। পথসভার সভাপতিত্ব করেন অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল হক এবং সঞ্চালনা করেন রাজনৈতিক সংগঠক ফিরোজা বেগম।
পথসভায় নেতৃবৃন্দ আরো বলেন, ‘প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তির বিকাশ এবং উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে পুরনো লুটপাট ও অর্থপাচারের উপযোগী মডেলকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে বাজেটে যেটুকু নির্দেশনা রাখা হয়েছে, তা দেশের বর্তমান সংকট ও চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল, দায়সারা এবং অপর্যাপ্ত। এই অমিত সম্ভাবনাময় খাতের জন্য যতটুকু গুরুত্ব সহকারে ও পরিপূর্ণভাবে প্রয়োজনীয় প্রণোদনা, গবেষণা ও রাষ্ট্রীয় বিনিয়োগের সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার ছিল, প্রস্তাবিত বাজেটে তার তীব্র ঘাটতি রয়েছে। অথচ তীব্র জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ এবং জলবায়ু ঝুঁকির বাস্তবতায় নবায়নযোগ্য শক্তিই হতে পারে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।’




