• ই-পেপার

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

বরিশালের আগৈলঝাড়ায় কাকলী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাকলী আক্তার কালাম মোল্লার মেয়ে। তিনি বাশাইল বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় কাকলী বাড়ির একটি কক্ষে একা ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার তদন্ত ওসি সুশংকর মল্লিক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

কেরানীগঞ্জে খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান, ৫ অবৈধ স্থাপনা অপসারণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান, ৫ অবৈধ স্থাপনা অপসারণ
ছবি : কালের কণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের রামেরকান্দা এলাকায় খাড়াকান্দি খালের মুখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। অভিযানে তাকে সহায়তা করেন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

অভিযানে খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের ওপর গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, ‘সরকারের খাল খনন ও খাল উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কেরানীগঞ্জের সব খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় খাড়াকান্দি খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যেসব অবৈধ স্থাপনা এখনো রয়েছে, সেগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।’

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১২ জুন রাত ১০টার পর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে ১৩ জুন থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুরুল ইসলামকে মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে বাঁশতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া একই মামলার সন্দেহভাজন আসামি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাড়দ্দাহ এলাকা থেকে গ্রেপ্তার করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচারণা
ছবি : কালের কণ্ঠ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রেলস্টেশনে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে রেলওয়ে পুলিশ। এ উপলক্ষে যাত্রী, পথচারী এবং শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, তালশহর, আখাউড়া রেলওয়ে স্টেশনসহ জেলার বিভিন্ন প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও শাস্তিযোগ্য অপরাধ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচারণার অংশ হিসেবে পথচারী, ট্রেনযাত্রী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জানা গেছে, গত দুই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনে একাধিকবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন যাত্রী একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অপর একজনের মাথায় গুরুতর আঘাত লেগে সেলাই দিতে হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দীর্ঘদিন পর রেলওয়ে পুলিশ সচেতনতামূলক প্রচারণা শুরু করলেও স্থানীয়দের অনেকের মতে, কেবল লিফলেট বিতরণ করে এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তাদের মতে, ট্র্যাকসংলগ্ন এলাকায় নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ আরো জোরদার করা প্রয়োজন।

প্রচারাভিযানে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম, আখাউড়া আরএনবির ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।