ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মূলহোতা ডাকাতদল নেতা মো. শফিক ওরফে ‘শফিক ডাকাত’কে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১২ জুলাই) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ জুলাই) দুপুরে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনূবী।
তিনি জানান, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশে র্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় চার সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। হামলায় তিনজন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত র্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
র্যাব জানায়, এ ঘটনায় ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হলেও মূলহোতা শফিক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব আরো জানায়, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, জমি দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলারও তিনি একজন আসামি।




