• ই-পেপার

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, পলাতক স্ত্রী

বোয়ালখালীতে বন্যার্তদের চিকিৎসায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে বন্যার্তদের চিকিৎসায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বন্যাকবলিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১২ জুলাই) উপজেলার জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২০০ জনকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ক্যাপ্টেন সাদি ও ডা. নাবিলা তাবাসসুম। নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী অসুস্থ মানুষ চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ পান।

ক্যাম্প চলাকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এর আগে শনিবার উপজেলার চরখিজিরপুর গ্রামেও সেনাবাহিনীর উদ্যোগে একটি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানেও প্রায় ২০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, ‘সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে বন্যাকবলিত অসহায় মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। দুর্যোগপূর্ণ সময়ে এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয়রা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।’

বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে শেষ বিদায়

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি :
বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে শেষ বিদায়
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত একই গ্রামের তিনজনকে চোখের জলে শেষ বিদায় জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

রবিবার (১২ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন জয়নাল মিয়া (৩০), ওবায়দুল শেখ (৪৫) ও আরিফ মিয়া (৪২)।

জানাজায় গ্রামের মানুষ, স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। স্বজনদের কান্নায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

প্রবল বৃষ্টি উপেক্ষা করে জানাজায় অংশ নেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ভাঙ্গার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ডিমবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকটির পাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এর মধ্যে তিনজন ছিলেন সুয়াদী গ্রামের বাসিন্দা। অপর দুজন হলেন নগরকান্দা উপজেলার হাফিজুল মাতুব্বর (২৮) এবং ভাঙ্গা হাইওয়ে থানার রেকার গাড়ির সহকারী জালাল খান (৩৬)।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী চারটি বাসে আগুন দেন এবং সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও স্থানীয় নেতাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চট্টগ্রামে বন্যায় ৫ দিনে ৬ শিশুসহ ১৩ জনের মৃত্যু

আহত ৯০ জনের মধ্যে ৭৫ জনই সাপে কাটা রোগী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বন্যায় ৫ দিনে ৬ শিশুসহ ১৩ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রামে অতিভারি বৃষ্টি, বন্যা ও পাহাড়-দেয়াল ধসে এখন পর্যন্ত ৬ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্যা ও পানিতে ডুবে মারা গেছে ৭ জন। গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ৫ দিনে চট্টগ্রাম নগর ও জেলার ৭টি উপজেলায় তারা মারা যায়।

গতকাল শনিবার চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, বন্যায় সাতকানিয়া উপজেলায় ২৪টি কমিউনিটি ক্লিনিক, বাঁশখালীতে ১৬টি কমিউনিটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সাতকানিয়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি উঠলেও এখন নেমে গেছে।

তিনি জানান, চট্টগ্রামে অতিবৃষ্টি ও বন্যার সময় সর্বশেষ গত শনিবার পর্যন্ত মোট আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৯০ জন। এরমধ্যে ৭৫ জন সাপে কাটা রোগী আছে। এরমধ্যে কোন রোগী মারা যায়নি। বন্যা দুর্গত এলাকায় আমাদের মেডিকেল টিম পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওআরএস, প্যারাসিটামল এবং অন্যান্য ওষুধপত্র নিয়ে এলাকায় কাজ করছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয় থেকে জানা যায়, সদ্য চট্টগ্রাম জেলায় অতিভারি বৃষ্টিতে বন্যা, পাহাড় ও দেয়াল ধসে নগর, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, রাউজান, আনোয়ারা, হাটহাজারী, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় মোট ১৩ জন মারা যান। এরমধ্যে ৬ জন শিশু, চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন জানান, আহত ৯০ জনের মধ্যে পাহাড় ধসে ২ জন, দেয়াল ধসে ২ জন, সাপে কাটা ৭৫ জন এবং অন্যান্য আহত ১১ জন। এরমধ্যে সাপে কাটা ৭৫ জন আহতের মধ্যে বোয়ালখালী ২০, রাঙ্গুনিয়া ৩, হাটহাজারী ৮, সাতকানিয়া ৩, চন্দনাইশ ৩, লোহাগাড়া ২, পটিয়া ২২, রাউজান ১৪ জন।

জানালার গ্রিল কেটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
জানালার গ্রিল কেটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চুরি
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। ছবি : কালের কণ্ঠ

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের জানালার লোহার গ্রিল কেটে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে অফিস শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের দরজা-জানালা তালাবদ্ধ করে চলে যান। রবিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন অফিসে এসে একটি জানালার লোহার গ্রিল কাটা এবং খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি জানতে পারেন, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে কার্যালয়ে প্রবেশ করে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মনিটরসহ বিভিন্ন তথ্য-প্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘটনার বিষয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে আশা করছেন তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি তুলনামূলক অরক্ষিত এলাকায় হওয়ায় এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।