মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ধরনের অনিয়ম করেছে। সব কিছুকে একটা নিয়মের মধ্যে আনার জন্য ইতিমধ্যে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের কাজগুলো যাতে একটি নিয়মের মধ্যে চলে অনিয়ম দূর করে, যেখানে অনিয়ম পাচ্ছি সেখানেই আমরা পদক্ষেপ নিচ্ছি।’
মঙ্গলবার দুপুরে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাবের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ‘আমাদের সরকার কিন্তু নির্বাচিত হয়েছে একটি অর্থবছরের শেষ কোনায় এসে। তাই আগে যেভাবে বাজেট ছিল, সেভাবেই আমাদের চলতে হয়েছে। তবে বিগত দিনে যারা অনিয়ম করেছে সেগুলো আমরা তদন্ত করছি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সামনের দিনগুলোতে আমরা যাতে স্বচ্ছতার সাথে কাজ পরিচালিত হয় সে ব্যাপারে আমাদের তদারকি রয়েছে, আমরা সব কিছু সঠিকভাবে করার জন্য পদক্ষেপ নেব।’
অন্যদিকে বিএলআরআইয়ের পোল্ট্রি গবেষণা প্রকল্পের উটপাখিসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আপনাদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। আমরা অনিয়মের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরন করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। তদন্ত শেষে আপনাদের সব কিছু জানানো হবে।’
তিনি আরো বলেন, ‘বিএলআরআইয়ের গবেষণা কেন্দ্রের মাধ্যমে আমরা গবাদি পশুর জাত উন্নয়নের আমরা আমাদের জায়গা থেকে পদক্ষেপ নিচ্ছি। আমরা জাত উন্নয়নের পাশাপাশি খামারিদের কিভাবে উন্নত করা যায়, মানুষের চাহিদা কিভাবে আমরা পূরণ করতে পারব সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করছি, অনিয়ম দূর করতে সক্ষম হবো এবং গরু উৎপাদন বাড়াতে পারব। এ ছাড়া দামও জাতে কমে সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, বিএলআরআইএর ঠিকাদার হাফিজ উদ্দিন প্রমুখ।





