• ই-পেপার

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে নুর মোহাম্মদ বিজয় (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বিজয় চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুরুজ্জামান সবুজের ছেলে। রায় কার্যকরের জন্য তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মো. শাহাদাৎ হোসেন জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে নুর মোহাম্মদ বিজয়কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রী বর্ণা খানকে (৩০) হত্যার অভিযোগে স্বামী মো. আল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামে।

মঙ্গলবার (৭ জুলাই) নিহত নারীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ধানকোড়া গ্রামের মো. মিজানূর রহমানের মেয়ে মোসা. বর্ণা খানমকে ১২ বছর পূর্বে ফরিদপুর সদর থানার বঙ্গনন্দপুর এলাকার মো. নূর ইসলাম বেপারীর ছেলে মো. আল আমিন বিয়ে করেন। সম্প্রতি স্ত্রী ও তিন কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আল আমিন। সোমবার বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে স্ত্রী বর্ণাকে পুকুরে চুবিয়ে হত্যার পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাশিয়ানী থানার এসআই মো. বোরহার দর্জি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলা সদর থেকে অভিযুক্ত স্বামী আল আমিনকে গ্রেপ্তার করে।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান হত্যাকাণ্ড এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে পূর্ববিরোধের জেরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগকারী মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বাড়ির দক্ষিণ পাশে একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন তিনি। প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই দিবাগত রাত প্রায় ৩টার দিকে তিনি পুকুরপাড়ে গিয়ে কয়েকজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের একজনের হাতে থাকা একটি পলিথিন থেকে ট্যাবলেটজাতীয় পদার্থ পুকুরে ছুড়ে ফেলতে দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনকে নিয়ে পুকুরে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থল থেকে রাসায়নিকযুক্ত ট্যাবলেট ও কালো রঙের গুঁড়াজাতীয় পদার্থও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

তিনি বলেন, বিষাক্ত রাসায়নিকের প্রভাবে পুকুরের রুই, কাতলা, কার্প, তেলাপিয়া, মৃগেল ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুরে বংশাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে বংশাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত বংশাই নদীতে ভেসে আসা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে মির্জাপুর থানা পুলিশ বংশাই নদীর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। মৃত ওই যুবকের গলায় রশি বাঁধা ছিলো বলে জানা গেছে।

সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে বংশাই নদীর উপজেলা সদরের পুষ্টকামুরী পূর্ব পাড়া এলাকায় নির্মিত ‘একাব্বর হোসেন সেতু’র নিচ দেয়ে মরদেহটি ভাটির দিকে যেতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ নদীর ভাটি এলাকায় উদ্ধার কাজ চালান। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মরদেহটি উদ্ধার করতে না পেরে কাজ সমাপ্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই সেতুর নিচে ভাসমান বস্তুর ওপর কাকের আনাগোনা নজরে আসে। পরে তারা সেখান দাঁড়ান। ভাসমান ওই বস্তুটি সেতুর কাছে আসলে মরদেহ নিশ্চিত হন। মরদেহটি মধ্যবয়সী কোনো পুরুষ ব্যক্তির। উজান থেকে স্রোতে ভেসে আসা মরদেহটি হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা ধারণা করেন। মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। নদীতে স্রোত থাকায় মরদেহটি দ্রুত ভাটিতে ভেসে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটির অবস্থান নিশ্চিত এবং উদ্ধারের চেষ্টা চালায়।

মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যে বংশাই নদীর বেলতৈল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার গলায় রশি বাঁধা ছিল। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।