• ই-পেপার

কুমিল্লার লালমাই

অবৈধ স্থাপনায় আটকা দোশারীচোঁ খালের খননকাজ

উত্তাল সাগর, ৫ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
উত্তাল সাগর, ৫ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ
ছবি: কালের কণ্ঠ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিন ধরে দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও চাকুরিজীবীসহ সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। স্থবির হয়ে পড়েছে পুরো দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা।

বৃহস্পতিবার ও শুক্রবার (৩ জুলাই) সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে সীমিত পরিসরে স্পিডবোট ও ট্রলার চলাচল করলেও, আবহাওয়ার পরিস্থিতি আরো অবনতি হওয়ায় পরবর্তীতে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রবিবার (৫ জুলাই) সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন থাকলেও নৌযান চলাচল বন্ধ থাকায় ছুটিতে বাড়ি আসা বহু চাকুরিজীবী যথাসময়ে কর্মস্থলে যোগ দিতে পারেননি। নৌযোগাযোগ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন জরুরি চিকিৎসার জন্য শহরে যেতে চাওয়া রোগীরা। এ ছাড়া প্রবাসী যাত্রীরা নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় তাদের ফ্লাইট মিস হওয়া, ছুটি ও ভিসার মেয়াদ নিয়ে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি ‘কপোতাক্ষ’ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে কুমিরা ও গুপ্তছড়া—উভয় ঘাটে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। দীর্ঘ ৫ দিন ধরে ঘাটে আটকে থাকায় অনেক গাড়ির কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এদিকে, ফেরিঘাটে ভালো কোনো রেস্তোরাঁ, ওয়াশরুম কিংবা গোসলের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন আটকে পড়া দূর-দূরান্তের গাড়িচালক ও শ্রমিকরা। তারা জানান, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে দিন কাটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠেছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এবং কখন নৌযান চলাচল শুরু করা যাবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দ্বীপে যাতায়াতের এই অনিশ্চয়তা কাটছে না।

রামগড়ে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
রামগড়ে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রামগর উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেওয়া হয়েছে। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত রায় দেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা বলেন, ‘ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এত দ্রুত রায় দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ রায়ের ফলে সমাজে অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে এবং ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে।’

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বিষয়টি শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিস্তারিত আসছে...

দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
সংগৃহীত ছবি

দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে কোটি টাকা মূল্যের তিনটি দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ, একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি। বিজিবির দাবি, বিদেশে পাচারের আগেই এসব মূল্যবান প্রত্মসম্পদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি ও থানা পুলিশের যৌথ দল পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করে। পরে একই দিন ভোর ৫টার দিকে কাহারোল উপজেলার ইছাইল এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মূল্যবান বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলোকে প্রত্ন-তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। উদ্ধার তিনটি প্রত্নবস্তুর মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয় বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্ন-সম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা তৎপর থাকবে।’