রাঙামাটিকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছেন রাঙামাটি অটোরিকশা চালক ও মালিকরা।
আজ সোমবার (৬ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনকে ছয় দিনের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আগামী রবিবার থেকে শহরে সব অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি প্রমুখ।
বক্তারা বলেন, রাঙামাটি একটি পর্যটন শহর। জেলাতে প্রতিবছর লক্ষাধিক পর্যটক ভ্রমণ করেন। কিন্তু রেজিস্ট্রেশনবিহীন গাড়িসহ রুট পারমিটবিহীন গাড়ি দৌরাত্ম্যের কারণে পর্যটকদের সাথে অশোভন আচরণসহ অপরাধে জড়িয়ে পড়ছে, এতে জেলার সুনাম হানি হচ্ছে। বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এসব ঘটনার দায় এসে পড়ে বৈধ অটোরিকশা চালকদের ওপর, ফলে তাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা আরো অভিযোগ করেন, অবৈধ অটোরিকশা চলাচলের পেছনে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশ রয়েছে। তারা মাসোহারার বিনিময়ে এসব অটোরিকশা চলাচলের সুযোগ করে দিচ্ছেন। এ বিষয়ে নিজেদের কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসনের উদ্দেশে বলেন, আগামী শনিবারের মধ্যে রাঙামাটি শহরে চলাচলকারী সব অবৈধ অটোরিকশা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী রবিবার থেকে শহরের সব বৈধ অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখা হবে।






