ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিএনপি নেতা গাজী জাহাঙ্গীরের ছেলের বিরুদ্ধে আজগর আলী নামের এক দর্জিকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা হামলায় গুরুতর আহত দর্জি আজগর আলীকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে আজগর আলী বাসায় ফেরার জন্য আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে রিকশায় উঠতে গেলে পূর্ব শত্রুতার জেরে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য গাজী জাহাঙ্গীরের ছেলে গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় আজগর আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের বড় ভাই আবু অভিযোগ করে বলেন, গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আমার ভাইকে গুরুতর আহত করে। হামলার পর থানায় অভিযোগ করলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর বলেন, আমার ছেলের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে সে কাউকে মারধর করেছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে পরে আপনাকে জানাচ্ছি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি ভিকটিম মিটফোর্ড হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




