• ই-পেপার

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার গোলাম রব্বানী (২৫), বগুড়ার সোনাতলা উপজেলার মোশারফ হোসেন (২৮), খুলনার বটিয়াঘাটা উপজেলার অমৃত চন্দ্র শীল (৫০), কালিয়াকৈর উপজেলার জামাল উদ্দিন (৫২), জমির মণ্ডল (৩০) ও রুবেল মিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ছয়জনকে আটক করে পুলিশ। পরে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে সাত দিনের, একজনকে এক মাসের এবং অপর একজনকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‘শুধু একবার ছেলেকে দেখতে চাই’

বাগেরহাট প্রতিনিধি
‘শুধু একবার ছেলেকে দেখতে চাই’
ছবি: কালের কণ্ঠ

পরিবারের মুখে হাসি ফোটাতে ২১ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন বাগেরহাটের রতন মৃধা। প্রায় এক দশক আগে হঠাৎ করেই পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় তার সব যোগাযোগ। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে স্বজনরা ধরে নিয়েছিলেন, হয়তো আর বেঁচে নেই তিনি। অবশেষে ১০ বছরের অনিশ্চয়তার অবসান ঘটেছে। 

জানা গেছে, রতন জীবিত আছেন, তবে তিনি মালয়েশিয়ার একটি কারাগারে বন্দি। এই খবর পরিবারকে যেমন আশার আলো দেখিয়েছে, তেমনি বাড়িয়েছে নতুন উদ্বেগ। শেষ বয়সে বৃদ্ধা মা পুষ্প মৃধার এখন একটাই আকুতি, সরকার যেন প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিয়ে তার ছেলেকে দেশে ফিরিয়ে আনে।

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা রতন মৃধা সংসারের অভাব-অনটন দূর করতে ২১ বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় যান। বিদেশে যাওয়ার পর তিনি নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং উপার্জিত অর্থ বাড়িতে পাঠাতেন। কিন্তু প্রায় ১০ বছর আগে হঠাৎ করেই সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজন, পরিচিতজন ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে ছেলের অপেক্ষা করতে করতেই মারা যান বাবা নারায়ণ চন্দ্র মৃধা। আর বৃদ্ধা মা পুষ্প মৃধা প্রতিদিন কাটিয়েছেন একটাই আশায়, হয়তো কোনো একদিন ফিরে আসবে তার আদরের সন্তান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, রতন মৃধা জীবিত আছেন এবং মালয়েশিয়ার একটি কারাগারে বন্দি রয়েছেন। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হলেও এই খবর পরিবারকে একই সঙ্গে স্বস্তি ও বেদনায় আচ্ছন্ন করেছে।

রতনের মা পুষ্প মৃধা বলেন, আমি শুধু একবার আমার ছেলেকে দেখতে চাই। সরকারের কাছে আমার আকুতি, আমার ছেলেকে দেশে ফিরিয়ে এনে আমার বুকে ফিরিয়ে দিন।

প্রতিবেশী রমেশ চন্দ্র মৃধা বলেন, রতন খুবই পরিশ্রমী ছেলে ছিল। পরিবারের জন্য বিদেশে গিয়েছিল। অনেক বছর তার কোনো খবর ছিল না। এখন জানতে পেরেছি সে বেঁচে আছে, কিন্তু কারাগারে। আমরা চাই সরকার দ্রুত উদ্যোগ নিয়ে তাকে দেশে ফিরিয়ে আনুক।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শেখ বলেন, বৃদ্ধা মা প্রতিদিন ছেলের অপেক্ষায় থাকেন। একজন মায়ের এই কষ্ট আমরা কাছ থেকে দেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে হয়তো তিনি জীবনের শেষ সময়ে ছেলেকে ফিরে পাবেন।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান বলেন, পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। সরকারি বিধি-বিধান অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

দোহারে তালা কেটে প্রবাসীর বাড়িতে চুরি, লুট স্বর্ণ-নগদ টাকা

দোহার-নবাবগঞ্জ ( ঢাকা) প্রতি‌নি‌ধিঃ
দোহারে তালা কেটে প্রবাসীর বাড়িতে চুরি, লুট স্বর্ণ-নগদ টাকা
ছবি: কালের কণ্ঠ

ঢাকার দোহার উপজেলায় তালা কেটে এক প্রবাসী পরিবারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

রবিবার (৫ জুলাই) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের মৃত আলফু খানের ছেলে কাশেম খার বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, ঘরের মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এরপর আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে পুরো ঘর তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী কাশেম খা জানান, তার চার ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্য এবং দুজন কাতারে কর্মরত। শুক্রবার দুপুরে তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় যান। শনিবার ভোরে কাতারপ্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তারা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসাতেই অবস্থান করেন। রবিবার ভোরে তার পুত্রবধূ ফোন করে গ্রামের বাড়িতে চুরির খবর জানান। ঘটনাস্থলে এসে তারা দেখেন, ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং জড়িত চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মণ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জিন্নাহ কবির

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জিন্নাহ কবির
ছবি : কালের কণ্ঠ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির। রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও স্থানীয়দের মধ্যে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় এমপি জিন্নাহ কবির বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।’

তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী সবুজায়নের যে ঘোষণা দিয়েছেন, তারই অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এদিন শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণ, ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে বোয়ালী কেন্দ্রীয় কবরস্থানের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বোয়ালী ডাক্তারখানা এলাকায় স্থানীয় শতাধিক নারী-পুরুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এমপি জানান, পর্যায়ক্রমে তিনটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, সড়কের দুই পাশসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।