• ই-পেপার

গৌরীপুরে পিকআপ চালক হত্যা : বহিষ্কৃত যুবদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সংগৃহীত ছবি

গাইবান্ধা শহরে পৌরসভার একটি ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মাসুদুর রহমান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান শহরের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি নারায়ণপুর মডেল মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শহরের একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে কর্মস্থল নারায়ণপুর মডেল মসজিদে যাচ্ছিলেন মাসুদুর রহমান। পথে শহরের পশ্চিমপাড়ার একটি সংযোগ সড়ক থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে ওঠার সময় পৌরসভার একটি ময়লাবাহী ডাম্প ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’

শেরপুরে ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

শেরপুর সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে কাদার মধ্যে আংশিক পুঁতে রাখা অবস্থায় কাজল মিয়া (৪৪) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকার জোড়া পাম্পের পূর্বপাশের একটি রাস্তার পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল মিয়া উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি ধানক্ষেতের কাদার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের গায়ে গেঞ্জি, শার্ট ও লুঙ্গি ছিল। গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া ছিল। পাশেই এক জোড়া রাবারের জুতা পড়ে ছিল।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে কাজল মিয়াকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ধানক্ষেতের কাদায় পুঁতে রাখা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ধানক্ষেতের মধ্যে আংশিক মাটিচাপা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হওয়ার পর কাজল মিয়া আর বাড়ি ফেরেননি। শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু
ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইল শহরের এনায়েতপুর এলাকায় রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী অন্ধপ্রায় বৃদ্ধ মফিজ উদ্দিনের চিকিৎসা, ভরণপোষণ ও দেখভালের দায়িত্ব নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

স্থানীয় সূত্র জানায়, মফিজ উদ্দিন তিন ছেলে ও তিন মেয়ের জনক। প্রায় আট বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি পরিবারের অবহেলার শিকার হন। এক ছেলে মারা গেছেন, বড় ছেলে পক্ষাঘাতগ্রস্ত এবং ছোট ছেলে আলাদা থাকেন। জীবনের শেষ সম্বলটুকুও দুই ছেলের নামে লিখে দেওয়ার পর তার অবস্থান আরো অনিশ্চিত হয়ে পড়ে।

মফিজ উদ্দিন তার বড় ছেলের বাড়িতে থাকতেন। তবে ছেলের স্ত্রী মারা যাওয়ার পর সেখানে থাকা নাতনি ও তার স্বামী বৃদ্ধের দেখাশোনা করতে অনাগ্রহী ছিলেন। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় তারা তাকে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে গিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান।

ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে গভীর রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে। পরে তাকে তার ছোট মেয়ে রিনা বেগমের জিম্মায় হস্তান্তর করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বৃদ্ধের নাতনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, যত দিন প্রয়োজন তত দিন মফিজ উদ্দিনের চিকিৎসা, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। এ ছাড়া সরকারি বৃদ্ধ ভাতার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মেয়ের বাড়িতে সমস্যা হলে তার জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, একজন অসহায় বৃদ্ধকে এভাবে রাস্তায় ফেলে যাওয়া অত্যন্ত অমানবিক ও হৃদয়বিদারক। বাবা-মা পরিবারের সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় সচেতন মহলও এ ঘটনাকে পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয়ের উদাহরণ উল্লেখ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ানোর জন্য প্রতিমন্ত্রীর উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অফিস আদেশে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে একটি অনলাইন সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, তিনি বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা সরকারি কর্মচারীর শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়, তার এ ধরনের কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় অসদাচরণের অভিযোগে এবং একই বিধিমালার ১২(১) বিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি বর্তমান কর্মস্থল বা নির্ধারিত ঠিকানার বাইরে যেতে বা অবস্থান করতে পারবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।