• ই-পেপার

কুলাউড়ায় আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগের ঘোষণা দেওয়া দুই নেতা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান মোল্যা বলেন, তারা দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্যপদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করছেন।

তিনি বলেন, ‘আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।’

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচের আগে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচের আগে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
ফাইল ছবি

বরগুনার তালতলীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই খোকন কর্মকার (৪০) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে আয়োজিত ম্যাচের আগে এ ঘটনা ঘটে।

নিহত খোকন কর্মকার উপজেলার মালিপাড়া এলাকার দিলীপ কর্মকারের ছেলে। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা অনুশীলন করছিলেন। এ সময় হঠাৎ খোকন কর্মকার মাঠেই অসুস্থ হয়ে পড়ে যান। পরে উপস্থিতরা দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী বলেন, হাসপাতালে আনার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

মর্মান্তিক এ ঘটনার পর মাঠে শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরে আয়োজকরা নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেন।

আয়োজক এইচএসসি-২০০০ ব্যাচের সদস্যরা জানান, খোকন কর্মকার তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত ম্যাচটি এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাতিল করতে হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে খোকন কর্মকার নামে এক ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খোকন কর্মকারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু, স্বজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ ড্রেজার মেশিন ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ ড্রেজার মেশিন ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার দেবীদ্বারে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কৃষিজমিতে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। পাশাপাশি ড্রেজার পরিচালনায় ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপও বিনষ্ট করা হয়।

এ সময় দেবীদ্বার থানা পুলিশের সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের পর স্থানীয়রা কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ ড্রেজার কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, ‘কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল : সুব্রত চৌধুরী

ফেনী প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল : সুব্রত চৌধুরী
ছবি: কালের কণ্ঠ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী। তিনি বলেছেন, ইউনূসের আঠারো মাসের শাসনে আমরা সবাই জিম্মি হয়ে গিয়েছিলাম। ওই সময় শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, মুসলিম সম্প্রদায়ের ওপরও হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ফেনীর জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুব্রত চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি, ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। সে সময় বাউলদের ওপর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মাজারে হামলার মতো ঘটনা ঘটেছে। শিক্ষক, নারী ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, যা ইতিহাসে সাক্ষী হয়ে আছে। এমনকি আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদেরও সে সময় নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তার শাসন যদি দীর্ঘায়িত হতো, তবে দেশটা পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হতো। 

​বর্তমান বিএনপি সরকারের উদ্দেশে সিনিয়র এই আইনজীবী বলেন, ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা খাতে সংখ্যালঘু সম্প্রদায়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিক সময়ে প্রশাসনে ডিসি, এসপিসহ প্রশাসনে নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হলেও সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে রাখা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন তিনি। সুব্রত চৌধুরী বলেন, আমরা কি তবে ঘুরেফিরে আবার সেই ইউনূস সরকারের শাসনামলেই চলে যাচ্ছি?

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডি এন চ্যাটার্জী, ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বসু রায় চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা ছাত্রদলের সভাপতি ছালাহ উদ্দিন মামুন, জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।