• ই-পেপার

শ্রেণিকক্ষে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

সরাইলে নিহতের ঘটনার জেরে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে নিহতের ঘটনার জেরে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনার জের ধরে সোমবার বিকেল থেকে রাত নাগাদ ফের সংঘর্ষ হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে এক লাখ টাকা পাওনা বলে দাবি করেন। খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম মিয়া নিহত হন। এ ঘটনার জেরে খাদিমের জানাজার নামাজের পর সোমবার বিকেল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এসময় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে আহত হন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। রবিবার রাতে নিহতের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। 

সরিষাবাড়ীতে নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
নাঈম হোসেন

জামালপুরের সরিষাবাড়ীতে নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাঈম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নাঈম পৌরসভার সাতপোয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টির সময় আলতা সিনেমা হল এলাকায় নাঈম একটি নারকেল গাছে উঠেন। গাছটি অতিরিক্ত পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত হঠাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এতে তার মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ দেয়নি।

নারায়ণগঞ্জে জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার প্রশংসা করলেন ইইউ রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার প্রশংসা করলেন ইইউ রাষ্ট্রদূত
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মি. মাইকেল মিলার।

সোমবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় অবস্থিত কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড (কেএসবিএল) এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) পরিদর্শন শেষে তিনি এ প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং পেশাদার কর্মপরিবেশ বাংলাদেশের এই শিল্পকে সম্ভাবনাময় অবস্থানে নিয়ে গেছে। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হবে।’

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত এইচ ই মি. গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচ.ই. মি. জোরিস ভ্যান বোমেল, প্রোগ্রাম ম্যানেজার (প্রাইভেট সেক্টর, সার্কুলার ইকোনমি ও ট্রেড) হুবার্ট ব্লম এবং ট্রেড অ্যাডভাইজার আবু সাইয়েদ বেলাল।

প্রতিনিধি দলটি ডিইডব্লিউ ও কর্ণফুলী শিপ বিল্ডার্সের জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং কর্মপরিবেশ ঘুরে দেখেন। এ সময় তাদের স্বাগত জানান ডিইডব্লিউর ব্যবস্থাপনা পরিচালক কমডোর ফয়েজ (সি), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন এবং কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রশিদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সকাল ১১টা ৫০ মিনিটে প্রতিনিধি দলটি বন্দর উপজেলা ত্যাগ করে রূপগঞ্জ উপজেলার তারাবো টাটকি এলাকায় অবস্থিত আরবিডি ফাইবার্স লিমিটেড পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়।

ছবি তুলে ‘কাছের লোক’ দাবি করা ব্যক্তিদের পাত্তা না দিতে নূরের ফেসবুক স্ট্যাটাস

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি তুলে ‘কাছের লোক’ দাবি করা ব্যক্তিদের পাত্তা না দিতে নূরের ফেসবুক স্ট্যাটাস
মো. নুরুল হক নূর

রাস্তা-ঘাট, বিভিন্ন অফিস কিংবা প্রতিষ্ঠানে সৌজন্যবশত তোলা ছবি দেখিয়ে নিজেকে তার ‘কাছের লোক’ হিসেবে দাবি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।

সোমবার (২৯ জুন) রাত ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে নুর বলেন, ‘অফিস, রাস্তা-ঘাট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা হলে অনেকেই ছবি তোলার অনুরোধ করেন। সৌজন্যতা ও মানবিকতার জায়গা থেকে তাদের সঙ্গে ছবি তোলা হয়। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই ছবি দেখিয়ে নিজেদের আমার কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেন।”

তিনি আরো বলেন, “এ ধরনের দাবি বা পরিচয়ে কেউ যেন বিভ্রান্ত না হন এবং এসব বিষয়ে পাত্তা না দেন—সবার প্রতি সেই অনুরোধ করছি। ধন্যবাদ।”