• ই-পেপার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ছুটিসহ প্রসূতি কল্যাণ সুবিধার বিধান নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
ছুটিসহ প্রসূতি কল্যাণ সুবিধার বিধান নিয়ে হাইকোর্টের রুল
সংগৃহীত ছবি

দুইবারের বেশি এবং চাকরির ৬ মাসের মধ্যে একজন নারী কর্মচারী বা শ্রমিককে ছুটিসহ ‘প্রসূতি কল্যাণ সুবিধা’ না দেওয়ার বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। শ্রম আইন ও বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) এমন বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, জানতে রুল জারি করা হয়েছে।

এক রিটে প্রাথমিক শুনানির পর আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। মন্ত্রিপরিষদসচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, জনপ্রশাসনসচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণসচিব, স্বাস্থ্যসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শ্রম আইনের ৪৬ ধারায় বলা আছে, প্রত্যেক নারী কর্মচারী সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের আগে ৬০ দিন এবং প্রসব পরবর্তী ৬০ দিন প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন। তবে শর্ত জুড়ে দিয়ে ধারাটির ১ উপধারায় বলা হয়েছে, কর্মক্ষেত্রের মালিকের অধীনে কমপক্ষে ৬ মাস কাজ না করলে কোনো নারী কর্মচারী এই সুবিধা পাবেন না। আবার ২ উপধারায় বলা আছে, সন্তান প্রসবের সময় সংশ্লিষ্ট নারী কর্মচারীর দুই বা তার বেশি সন্তান জীবিত থাকলে ওই নারী কর্মচারী ‘প্রসূতি কল্যাণ সুবিধা’ পাবেন না। তবে কোনো ছুটি পাওয়ার অধিকারী হলে, তা তিনি পাবেন। আর বাংলাদেশ সার্ভিস রুলসের ১৭১ বিধির (১এ) উপবিধিতে বলা আছে, একজন নারী কর্মচারী তাঁর সমগ্র চাকরিকালীন সময়ে দুই বারের বেশি প্রসূতি ছুটি পাবেন না।

শ্রম আইর ও সার্ভিস রুলের এসব বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৫ জুন রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। গত রবিবার এ রিটে শুনানির পর সোমবার রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।

একজন নারী কর্মচারীর প্রসূতি কল্যাণ সুবিধা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, হাইকোর্ট সে মর্মেও রুল জারি করেছেন বলে সাংবাদিকদের জানান আইনজীবী ইশরাত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৪ মে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল।

ইনুর বিরুদ্ধে এই মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়া ইত্যাদি।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। তাদের গুলিতে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হয় বহু নিরীহ মানুষ। এর পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আটটি অভিযোগ এনে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন।

তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন

অনলাইন ডেস্ক
তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন
সংগৃহীত ছবি

দুই হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম জামিন পেয়েছেন। সোমবার (২৯ জুন) জামিন আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজের জামিনের বিষয়ে রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমণ্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ (সংরক্ষিত) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর
সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের মামলা নিজেই লড়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আমিনুল ইসলাম বলেন, ‘আমরাও চাই, শেখ হাসিনা আসুক, নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়া স্টান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুন।’

এ সময় ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন। এ ছাড়া শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যার যাচাই-বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে দাখিল করা হবে।’