• ই-পেপার

ডাচদের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে কাকে পেল মরক্কো?

ক্রীড়া ডেস্ক
শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে কাকে পেল মরক্কো?
ছবি : রয়টার্স

শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর আর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ডাচদের ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মরক্কো।

এবার শেষ ষোলোর তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বিশ্বকাপের স্বাগতিক কানাডাকে। সাউথ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শীর্ষ ১৬ দলের কোটায় জায়গা করে নিয়েছে তারা।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে কানাডা-মরক্কো।

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

ক্রীড়া ডেস্ক
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা
ছবি : রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে পরাশক্তি জার্মানিকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে প্যারাগুয়ে। আর এই ঐতিহাসিক ও অবিস্মরণীয় জয়কে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। আজ মঙ্গলবার (১ জুলাই) দেশটির সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

এক বিশেষ পুশ বার্তায় সোমবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ফুটবল দলের এই অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্য যেন পুরো দেশবাসী একসঙ্গে উদযাপন করতে পারে, সেই সুযোগ করে দিতেই এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

মাঠের লড়াইয়ে এদিন স্নায়ুযুদ্ধের চরম পরীক্ষা দিতে হয়েছে প্যারাগুয়েকে। নকআউট পর্বের এই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ু ধরে রেখে ৪-৩ ব্যবধানে শক্তিশালী জার্মানিকে স্তব্ধ করে দেয় প্যারাগুয়ে। রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই রাজপথে নেমে আসে দেশটির লাখো ফুটবলপ্রেমী। রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় বাঁধভাঙা আনন্দ-উল্লাস।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে প্যারাগুয়ে। তবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানিকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়াটা ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক। ফুটবলবোদ্ধারা এই জয়কে প্যারাগুয়ের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ও গৌরবময় মুহূর্ত হিসেবে আখ্যা দিচ্ছেন।

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি বিশেষ সরকারি ছুটি ঘোষণার সাংবিধানিক এখতিয়ার রয়েছে। ফুটবলারদের এই ঐতিহাসিক কীর্তিকে সম্মান জানাতেই নিজের সেই আইনি ক্ষমতা ব্যবহার করে এই জাতীয় ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। 
 

বিশ্বের সেরা দল ব্রাজিলের সঙ্গে আমাদের দূরত্ব কমে আসছে : জাপান কোচ

ক্রীড়া ডেস্ক
বিশ্বের সেরা দল ব্রাজিলের সঙ্গে আমাদের দূরত্ব কমে আসছে : জাপান কোচ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বে আরো একটি হৃদয়ভাঙা রাত কাটল ব্লু সামুরাইদের। শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেও শেষরক্ষা হলো না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ২-১ গোলের নাটকীয় হারে অশ্রুসিক্ত নয়নে শেষ হলো জাপানের এবারের স্বপ্নযাত্রা।

তবে এমন চরম নাটকীয় আর কষ্টের হারের পরও ভেঙে পড়ছেন না জাপানের মাস্টারমাইন্ড হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে তার কণ্ঠে আক্ষেপ ঝরলেও, ভবিষ্যতের জন্য ছিল বুকভরা আত্মবিশ্বাস। জাপান কোচের সাফ কথা, বিশ্বফুটবলের পরাশক্তি ব্রাজিলের সঙ্গে তাদের দূরত্বের ব্যবধানটা এখন অনেকটাই ঘুচে এসেছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘ব্রাজিলের সঙ্গে আমাদের দূরত্ব এখন অনেকটাই কমে আসছে। ওরা নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরাও এখন ওদের সেই স্তরের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’

বিশ্বকাপের পরিসংখ্যান জাপানের জন্য এক নির্মম ট্র্যাজেডির নাম। এ নিয়ে টানা তিন আসরের নকআউট পর্বে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে না পেরে বিদায় নিতে হলো এশিয়ান এই পরাশক্তিকে। 

২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছিল জাপান। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষেও প্রথমে লিড নিয়ে টাইব্রেকারে বিদায়ের স্তব্ধতা। আর এবারও সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। লিড নিয়েও শেষ রক্ষা হলো না জাপানের।

হিউস্টনের মাঠে সোমবার ম্যাচের ২৯ মিনিটে কাইশু সানোর চমৎকার গোলে লিড নিয়ে ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হওয়া সেলেসাওদের আর আটকে রাখা যায়নি। ৫৬ মিনিটে কাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। আর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল জাপানের বুক ভেঙে দেয়।

এই হারের ফলে বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের প্রথম জয়ের অপেক্ষাটা আরো দীর্ঘ হলো। তবে মোরিয়াসু বিশ্বাস করেন, এই ইতিহাস একদিন বদলাবেই। তার ভাষায়, ‘ইতিহাস হয়তো আমাদের প্রতি সদয় হচ্ছে না। তবে আমি নিশ্চিত, একদিন আমরা এই বৃত্ত ভাঙবই। সেদিন ইতিহাসটাই বদলে যাবে।’

ব্রাজিলের বিপক্ষে ১৫ বারের দেখায় এটি জাপানের ১২তম হার। দুটি ম্যাচ ড্র হলেও একমাত্র জয়টি এসেছিল গত অক্টোবরের এক প্রীতি ম্যাচে। কোচের মতে, সেই জয় আর এবারের জানপ্রাণ লড়াই প্রমাণ করে জাপান সঠিক পথেই এগোচ্ছে, তবে চূড়ায় পৌঁছাতে হলে নিজেদের মান আরো বাড়াতে হবে।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে শিষ্যদের সান্ত্বনা দিয়ে এই হতাশাকেই ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার জ্বালানি বানানোর তাগিদ দিয়েছেন মোরিয়াসু। তবে দলের স্বপ্নপূরণ না হওয়ার সব দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই জাপানি ট্যাকটিশিয়ান।

তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতাই ছিল আমাদের মূল লক্ষ্য ও স্বপ্ন। কিন্তু সেটা আমরা পারলাম না। প্রধান কোচ হিসেবে আমি খেলোয়াড়দের কাছে দুঃখ প্রকাশ করেছি। ওদেরকে সাফল্যের সেই শিখরে নিয়ে যাওয়ার জন্য হয়তো আমি নিজেই যথেষ্ট যোগ্য হয়ে উঠতে পারিনি।’ 
 

অতিরিক্ত সময়ে গড়াল নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ

ক্রীড়া ডেস্ক
অতিরিক্ত সময়ে গড়াল নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ
ছবি : রয়টার্স

জয় উদযাপনের জন্য হয়তো ক্ষণ গুনছিলেন ডাচ খেলোয়াড়রা। এমন মুহূর্তে যোগ করা সময়ের গোলে তাদের স্তব্ধ করে দিয়ে ১-১ গোলের সমতায় ফেরে মরক্কো।

গোলবিহীন প্রথমার্ধের পর ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকেন আশরাফ হাকিমিরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো।

এখন অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এতে ফল না আসলে ম্যাচ গড়াবে টাই ব্রেকারে।