• ই-পেপার

পাংশায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির কয়েক নেতাকর্মী। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) উপজেলার কানপাড়া-খড়খড়ি সড়কের ফলিয়ার বিল এলাকায় ১০ থেকে ১২ যুবক মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করেন। প্রায় ৫ থেকে ৬ মিনিট স্থায়ী ওই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা ব্যানারে ‘আয়োজনে—রাজশাহী জেলা আওয়ামী লীগ’ লেখা ছিল।

ব্যানারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি ছিল। এ ছাড়া সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিও স্থান পায়। ব্যানারে ‘প্রত্যাবর্তন-০২’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানসহ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, মোটরসাইকেলে করে আসা ১০ থেকে ১২ জন যুবক ফলিয়ার বিলের মধ্যবর্তী সেতুর কাছে ব্যানার প্রদর্শন করে ছবি তোলেন। পরে তারা ব্যানার হাতে সংক্ষিপ্ত মিছিল করে দক্ষিণ দিকে চলে যান। মিছিল শেষে মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করেন। তাদের দেখে ছাত্রলীগের কর্মী বলে মনে হয়েছে।

রবিবার রাতে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতে এসব ছবি ও ভিডিও পোস্ট করেন। এরপর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ‘ঝটিকা মিছিলের বিষয়টি আমরা জেনেছি। কারা এ ধরনের মিছিল করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।’

রাঙামাটিতে গৃহবধূকে হত্যা করে অর্থ লুটের অভিযোগ

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা করে অর্থ লুটের অভিযোগ
সংগৃহীত ছবি

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে নিজবাড়িতে আয়েশা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার পর নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুন) রাতে উপজেলার ১ নম্বর সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্থানীয় বাসিন্দা মো. মফিজুল হকের স্ত্রী।

নিহতের স্বামী বলেন, ‘আমি ও আমার বড় ছেলে সকালে গাছ চিড়াতে বেরিয়ে যাই। সারা দিন আর বাসায় আসিনি। সন্ধ্যায় বাসায় এসে কাঠ রেখে গোসল সেরে বাড়িতে ফিরে ঘর অন্ধকার দেখতে পাই। পরে ঘরের বাতি জ্বালিয়ে আমার স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখি। প্রথমে তিনি ঘুমিয়ে আছেন মনে করেছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখতে পাই, তার মাথা রক্তাক্ত এবং তিনি মারা গেছেন। এছাড়া আলমিরা ভাঙা অবস্থায় ছিল।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি গরু বিক্রির প্রায় ৩ লাখ টাকা আলমারিতে রাখা হয়েছিল, যা আর পাইনি। সোহাগ ও ওমর নামের দুজন ব্যক্তির আমাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। আমরা সন্দেহ করছি ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে।’

নিহতের ভাইপো মো. রাজীব ইসলাম ও মো. রফিকুল ইসলাম জানান, আমরা সকালে যে যার মতো কাজে যাই। সন্ধ্যার পর খবর পেয়ে আমরা ফুফুর বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মরদেহের পাশে একটি রক্তমাখা ভাঙা ইট ও একটি হাতুড়ি ছিল। 

জানা গেছে, সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়।

সুবলং পুলিশ ফাঁড়ির সহকারী সাব ইন্সপেক্টর মো. বাদল দেওয়ান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার সময় নগরীর নাজিরের পোল এলাকার তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ওসি সনজীত চন্দ্র নাথ।

তিনি জানান, গ্রেপ্তারের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তাড়াশ-রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের তাড়াশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেল হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো: আফজাল হোসেনর ছেলে এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক।

অভিযোগ অস্বীকার করে রুবেলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সে ওই ঘটনার সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।’