ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।
রবিবার (১৪ জুন) বিকেলে নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালিগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
বর্ণাঢ্য সাজসজ্জা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল মাঠে প্রবেশ করেন দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
রেফারির বাঁশিতে খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে জুড়ে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।
একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই জালের দেখা পায়নি।
ফলে ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
মাঠ জুড়ে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। প্রিয় দলের পতাকা, জার্সি ও স্লোগানের মুখর হয়ে ওঠে পুরো খেলার পরিবেশ।
খেলার শেষে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী ফুটবলার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠন অজিত কুমার, সাংবাদিক জামির হোসেন, তৌফিকুর রহমান কাজল, নুরুল ইসলাম, আসাদুজ্জামান মুকুল, লিখন ও আশরাফুল আলমসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
খেলার রেফারি দায়িত্ব পালন করেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।




