• ই-পেপার

মিরসরাইয়ে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা

টেকনাফে রাতে এলাকা ঘিরে ডাকাতের ফাঁকা গুলি, আতঙ্কে মানুষ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে রাতে এলাকা ঘিরে ডাকাতের ফাঁকা গুলি, আতঙ্কে মানুষ

কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের ফাঁকা গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত বাড়িঘর ঘিরে রেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস।

স্থানীয় বাসিন্দা মো. তারেক জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ রাত ১০টার দিকে একাধিক গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, কয়েকজন দুর্বৃত্ত তার বাড়ির উঠানে অবস্থান করে বাড়িটি ঘিরে রেখেছে।

তিনি বলেন, আমরা কাউকে খবর দিতে পারছিলাম না। খুব আতঙ্কের মধ্যে ছিলাম। বাড়ির দিকে প্রচুর গুলি ছোড়া হচ্ছিল।

জুম্মাপাড়া এলাকার ইউপি সদস্য ইলিয়াস বলেন, আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। আমার সামনে ১০ থেকে ২০ জন দুর্বৃত্ত অবস্থান করছে। তারা এলাকার বিভিন্ন বাড়িঘর ঘিরে অতর্কিত গুলি করছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

স্থানীয় মো. হোসাইন বলেন, আমি বর্তমানে কক্সবাজারে আছি। বাড়িতে থাকা স্ত্রী ও সন্তানরা ভয়ে কান্নাকাটি করছে। আমাদের বাড়িঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। আমরা নিরাপত্তা চাই।

তিনি আরো বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলেও পরে দুর্বৃত্তরা আবার সুযোগ নিতে পারে। এলাকায় নিয়মিত টহল ব্যবস্থা থাকলে এমন ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েছি। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ছাতকে মাইক্রোবাসের ধাক্কায় পিকআপচালক নিহত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে মাইক্রোবাসের ধাক্কায় পিকআপচালক নিহত
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতকে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় জুয়েল আহমদ (৩৫) নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাতুয়া গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইলাবাজ গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে জুয়েল সিলেট থেকে মাছের খাদ্যবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ে জাতুয়া এলাকার একটি ফার্মে আসেন। এসময় সড়কের পাশে গাড়ি থামিয়ে মালামাল নামানোর প্রস্তুতি নেওয়ার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে এবং চালক আবদুল আহাদ (২২)-কে আটক করে। আটক চালক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। মাইক্রোবাস ও পিকআপ দুটিই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

চন্দনাইশে আগুনে পুড়ল ৬ বসতঘর

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে আগুনে পুড়ল ৬ বসতঘর
ছবি: কালের কণ্ঠ

উপজেলার বরকল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মুন্নি আকতারের রান্না ঘরের চুলায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ছিটিয়ে পার্শ্ববর্তী ৬ জনের বসতঘর পুড়ে গেছে।

যাদের বসতঘর পুড়ে গেছে তারা হলেন- মুন্নি আকতার, আব্দুস সবুর, শাহা আলম, মো. হোসেন, আবুল হাশেম ও সাইফুদ্দিন।

পুড়ে যাওয়ার খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস অফিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবারের তথ্য অনুযায়ী এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ছাতকে বন বিভাগের জমি থেকে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে বন বিভাগের জমি থেকে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন বিভাগের ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ইঞ্জিনচালিত নৌকার মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মরা চেলা নদী সংলগ্ন বন বিভাগের ভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম।

বন বিভাগ সূত্রে জানা যায়, মরা চেলা নদী সংলগ্ন বন বিভাগের ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইঞ্জিনচালিত নৌকায় পরিবহনের সময় অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই তিনটি নৌকার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত প্রতিটি নৌকার জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ছাতক বিট অফিসের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। পরে নৌকাগুলো থেকে বালু খালাস করার পর জরিমানা আদায়ের ভিত্তিতে নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়।

এ সময় ছাতক বিট ও দোয়ারাবাজার বিটের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছাতক বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌস বলেন, ‘সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও বনভূমির ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।’