• ই-পেপার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেপ্তার

গরিব মানুষের কথা ভেবেই বাজেটে মূল্যছাড় ও কর অব্যাহতি : আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
গরিব মানুষের কথা ভেবেই বাজেটে মূল্যছাড় ও কর অব্যাহতি : আমানউল্লাহ আমান
সংগৃহীত ছবি

গরিব ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার চলতি বাজেটে বিভিন্ন পণ্যের দাম হ্রাস এবং কর মওকুফের পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। 

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা জেলার আয়োজনে স্টার্টআপ, বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান সরকার গরিব-দুঃখী মানুষের সরকার। এ সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’

ঢাকা-২ আসনের সংসদ সদস্য বলেন, ‘ চলতি বাজেটে গরিব ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কর মওকুফ ও প্রত্যাহার করা হয়েছে। এসব পদক্ষেপ প্রমাণ করে যে বর্তমান সরকার জনগণের সরকার এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।’

বিএনপি এই নেতা বলেন, ‘বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে আরো শক্তিশালী ও স্বনির্ভর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশ একদিন বিশ্ব দরবারে আরো উজ্জ্বল অবস্থান অর্জন করবে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার এবং দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস।

ময়মনসিংহে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করল অতিষ্ঠ জনতা

কাউকে পিটুনি দিয়ে করছে এলাকাছাড়া

আলম ফরাজী, ময়মনসিংহ
ময়মনসিংহে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করল অতিষ্ঠ জনতা
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ১০টি এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বাড়িঘর ভাঙচুর ও বেধড়ক পিটুনি দিয়ে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে। গত প্রায় এক সপ্তাহ থেকে শুরু করে আজ শুক্রবারও এমন খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব ভাঙচুরের ছবি আপলোডও করা হয়েছে। সালিস দরবারে প্রকাশ্যে পিটুনি দেওয়া হচ্ছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের।

আজ শুক্রবার দুপুরে নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের উদং মধুপুর এলাকায় স্থানীয় একটি মসজিদের পাশেই অবাধে মাদকের ব্যবসা করছিলেন পাঞ্জু মিয়ার ছেলে আমীন মিয়া ও তার স্ত্রী ছামিলা খাতুন। বারবার বাধা দেওয়ার পরেও বন্ধ না করায় শুক্রবার দুপুরে ওই কথিত মাদক ব্যবসায়ীর বাড়িতে যায় এলাকার যুব সমাজ। তারা বসতবাড়ি ভাঙচুর করে মাদক ব্যবসায়ী ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়।

ওই এলাকার যুব সমাজের একজন মো. বিজয় ভূঁইয়া বলেন, ‘তাদের কারণে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমীন মিয়া এলাকায় মাদকের ডিলার ও তাঁর স্ত্রী ছামিলা খাতুন মাদকসম্রাজ্ঞী হিসেবে এলাকায় পরিচিত। এলাকাবাসীকে বাঁচাতে এই দম্পতির ঘরবাড়ি উচ্ছেদ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না।’

অন্যদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কারো বাড়িঘর ভাঙচুর করে আসবাব পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে সালিস বৈঠক করে কিংবা মারধর করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার ‘সচেতন যুবসমাজের’ নামে হওয়া এসব ঘটনা প্রতিরোধে থানা-পুলিশকে তেমন কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। কথিত ‘সচেতন যুবসমাজ’ মাদক ব্যবসায়ী সন্দেহে কাউকে পুলিশেও সোপর্দ করেনি।

‘মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে’ নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ভাষ্য, যাদের বাড়িতে হামলা হয়েছে কিংবা যাদের মারধর করে এলাকা ছাড়তে বলা হয়েছে, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে তারা আবার মাদকের কারবার চালান। তাদের কারণে এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এ কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এসব ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের অনেককেই এলাকায় পাওয়া যায়নি। তাদের বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ দেখা গেছে। এ ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের স্বজনরা জানায়, একজনের অপরাধে অনেকেই বেকায়দায় পড়ছে।

এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে জানান, এমন ঘটনার কোনো তথ্য তাদের কাছে নেই। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজ নেওয়ার জন্য স্বস্ব ওসিদের নির্দেশ দেওয়া হবে। এলাকাবাসীও মাদক ব্যবসার অভিযোগে কাউকে থানায় সোপর্দ করেনি। তবে যাতে কেউ আইন হাতে তুলে নিতে না পারে, সে জন্য পুলিশকে তৎপরতা দেখানোর জন্য নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।

লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মো. জাফর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকাল আনুমানিক ৫টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ জাফর উপজেলার দক্ষিণ লালপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোভ্যান চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে একই দিকে আসা গরুবোঝাই ইঞ্জিনচালিত লম্বা বডির ভটভটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান চালক মো. জাফর সড়কে ছিটকে পড়ে মাথা, কান ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয় পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পথে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ভটভটি চালক উপজেলার ভাটপাড়া চামটিয়া এলাকার মো. এস্কেন মন্ডলের ছেলে মো. আনিসুর রহমানকে গরুভর্তি ভটভটিসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণিল শোভাযাত্রা

পিরোজপুর প্রনিতিধি
পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণিল শোভাযাত্রা
ছবি: কালের কণ্ঠ

পিরোজপুরে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুই দলের সমর্থকেরা নিজ নিজ ব্যানার, পতাকা ও জার্সি নিয়ে উৎসবমুখর পরিবেশে র‌্যালিতে অংশ নেন।

প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী শহরে জড়ো হন। কেউ পায়ে হেঁটে, আবার কেউ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। রঙিন পতাকা, ফেস্টুন ও খেলোয়াড়দের জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

আর্জেন্টিনা সমর্থকেরা বিশাল আকৃতির জাতীয় পতাকা বহন করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাজুড়ে স্লোগান, গান এবং প্রিয় দলের প্রতি ভালোবাসার নানা প্রকাশ দেখা যায়। শহরের বিভিন্ন মোড় ও সড়কে দাঁড়িয়ে সাধারণ মানুষও এ আয়োজন উপভোগ করেন।

00

অন্যদিকে ব্রাজিল সমর্থকেরা মোটরসাইকেল বহর নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। সাউন্ড সিস্টেমে বাজতে থাকা সংগীতের তালে তালে নাচ-গান এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। সবুজ-হলুদ পতাকা ও জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতি শোভাযাত্রাকে আরো আকর্ষণীয় করে তোলে।

স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, বিশ্ব ফুটবলকে ঘিরে পিরোজপুরে প্রতি আসরেই এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলাকে কেন্দ্র করে ভিন্ন দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগির এই সংস্কৃতি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের সাফল্যের প্রত্যাশায় দিনভর চলা এই আয়োজন পিরোজপুরের ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।