হাম প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা শিরিনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে হাম প্রতিরোধ, এর লক্ষণ, করণীয় এবং টিকাদানের গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষার্থী এবং আশপাশের এলাকার পথচারীদের মাঝেও একই ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি তৌকির আহম্মদ তানজিল। প্রধান শিক্ষিকা মাহমুদা শিরিন তার বক্তব্যে বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে তৌকির আহম্মদ তানজিল বলেন, একটি সচেতন সমাজ গঠনে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। হাম প্রতিরোধে টিকাদান ও সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। বসুন্ধরা শুভসংঘ সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিশু ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক নাঈমুর হাসান রিফাত বলেন, সচেতনতাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আমরা চাই প্রতিটি পরিবার হাম সম্পর্কে সঠিক তথ্য জানুক এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করুক। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণেই হামমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন– সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত সরকার, দপ্তর সম্পাদক রাবায়েত হাসান রাব্বি, নারী বিষয়ক সম্পাদক ববিতা পারভীন আঁখি, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন শান্তসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, স্কুল শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং সাধারণ পথচারীদের মধ্যে প্রায় এক হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মসূচিটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত সবাই হাম প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।




