ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী সামাজিক আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাংবাদিক আবদুন নূর, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সালাম, জেলা নারীমুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন নাহার, জেলা উদীচীর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবু কালাম নাঈম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, সরাইল উপজেলা কমিউিনিস্ট লীগের সম্পাদক আবদুস সোবহান মাখন, শ্রমিক নেতা মো. আল আমীন, আইনজীবী সহকারী কুঞ্জ মোহন ঋষি, জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুক, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।
এ সময় সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনাবলী দ্রুততম সময়ে বিচারকাজ সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে দেশব্যাপী আশঙ্কাজনক হারে শিশু ও নারী ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগের পাশাপাশি এসব নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনাবলীর দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করার দাবি জানানো হয়।




