ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৭ জুন) বিশেষ ক্ষমতা আইনে ৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের নাজিম উদ্দিন (২৫), সাইফুল ইসলাম (৪৫), নয়নপুর গ্রামের মেহেদী হাসান আলাল (৩২), কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের ইকবাল তালুকদার (৩০), উথুরা ইউনিয়নের নারঙ্গী গ্রামের রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের মনির হোসেন (৩৪)।
এর আগে শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনার প্রতিবাদে একই দিন বিকেলে ভালুকা উপজেলা ছাত্রদল স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পাল্টা বিক্ষোভ মিছিল করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




