• ই-পেপার

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

নীলফামারী সংবাদদাতা
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সংগৃহীত ছবি

নীলফামারী জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেনারেল হাসপাতাল চত্বরে এ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি, সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন এডিস ‘মশার বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’

নারায়ণগঞ্জে ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় মেসার্স একতা ট্রেডার্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেপ্তার করে।  তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অবস্থান কঠোর। জেলা গোয়েন্দা শাখা নিয়মিতভাবে তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।’

বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে হাতাহাতি থেকে সংঘর্ষ, অতঃপর...

অনলাইন ডেস্ক
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে হাতাহাতি থেকে সংঘর্ষ, অতঃপর...

পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)।

স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের একজন মেহমান কনের পক্ষের এক পরিবেশনকারীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এসময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত তিনজন আহত হন। তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কনের মামা বাবলু আকনের দাবি, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বরপক্ষের ওই ব্যক্তি হামলা চালালে তা সংঘর্ষে রূপ নেয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় পণ্ড

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় পণ্ড
সংগৃহীত ছবি

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ১৭ জনকে পুশ ইনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বিজিবি। সীমান্তে কঠোর অবস্থানে থাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ ইনের জন্য আনা সব ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ১৯ ঘণ্টা যাবৎ এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। ১৭ জনকে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সংবাদ পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেন বিজিবির সদস্যরা। ফলে দিনভর তারা শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

সূত্র জানায়, বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে তাদের বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণাদি দেখাতে পারেনি বিএসএফ।

ঘটনার প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম বলেন, ‘ওই ১৭ জনকে বিজিবি সদস্যরা পাহারা দিয়ে রেখেছিল। রাত ১১টার দিকে আমার ট্রাক্টরে ধান লোড দিচ্ছিলাম। তখনো বিজিবি সদস্যরা সেখানে ছিলেন। এরপর বিএসএফ সদস্যরা তাদের টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যান। তারা বিএসএফ সদস্যদের সঙ্গে যেতে চাচ্ছিলেন না। নিয়ে যাওয়ার সময় তারা অনেক কান্নাকাটি করছিলেন। তাদের কান্নার শব্দ শুনে আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম। তখন বিএসএফ আমাদের বাধা দিয়ে তাদের নিয়ে চলে যায়।’

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়। মানবিক দিক বিবেচনা করে শুরুতে শূন্য লাইনে থাকতে দিলেও সন্ধ্যার পরে তাদের নো ম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।