• ই-পেপার

নারায়ণগঞ্জে ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে আল-মুসলিম গ্রুপে শ্রমিক ছাঁটাই, ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে আল-মুসলিম গ্রুপে শ্রমিক ছাঁটাই, ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

সাভারের আল মুসলিম গ্রুপের পোশাক কারখানায় ছাঁটাইয়ের ঘটনায় ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উলাইল বাস স্ট্যান্ডের আল মুসলিম পোশাক কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়। এছাড়া ছাঁটাইকৃত শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেছেন কারখানা কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারী শ্রমিকদের দাবি ২৬ ধারা অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধ করতে হবে। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাঁটাইকৃত শ্রমিকরা।

১৩ বছর ধরে এ কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত আফানুর জানান, হঠাৎ মোবাইলে মেসেজ পাঠিয়ে তাকে ছাঁটাই করা হয়েছে। সকালে কাজে এলে কর্তৃপক্ষ কারখানায় ঢুকতে দেয়নি। একই ধরনের অভিযোগ করেন ৭ বছর ধরে কর্মরত রোজিনা আক্তার, ২ বছর ৫ মাস ধরে কর্মরত মো. রকিবুল্লাহ এবং ট্রেনিং সেন্টার থেকে সদ্য লাইনে আসা আছিয়া আক্তার। তাদের অভিযোগ, তিন মাস ১৩ দিনের পাওনা দিয়ে ছাঁটাই করার নিয়ম থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা মানেনি।

বর্তমানে উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনের পরিস্থিতি থমথমে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে নিয়ন্ত্রণে রয়েছে।

আল মুসলিম গ্রুপের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, শ্রমিকদের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে এবং তাদের পাওনা এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে শ্রমিকদের ২৬ ধারায় তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে শিল্প পুলিশের সঙ্গে আলোচনা হয়নি এবং তিন মাসের বেতন আমরা দিবো না। শুধু মাত্র এক মাসের বেতন কেউ না পেয়ে থাকলে তাদের বিষয় গুলো নিয়ে কথা বলা হচ্ছে।

আশুলিয়া শিল্প পুলিশ- ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। এছাড়া মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘আল-মুসলিম গ্রুপ’ তাদের তিনটি কারখানার ১ হাজার ৮৬৮ জন কর্মীকে ছাঁটাই করেছে। ছাঁটাইকৃত শ্রমিকের মধ্যে সাভার উলাইল এলাকার ‘একেএম নিটওয়্যার লিমিটেড’ কারখানা থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার ‘প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার’ কারখানার ৫২৯ জন এবং আশুলিয়ায় অবস্থিত ‘আল-মুসলিম অ্যাপারেলস’ কারখানার ৫৩ জন কর্মী রয়েছেন।

রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৫

মাল্টিমিডিয়া রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৫

রাজশাহী মহানগর পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্র জানাই, বৃহস্পতিবার (৫ জুন) রাতে চন্দ্রিমা ও বোয়ালিয়া মডেল থানার যৌথ অভিযান এবং রাজপাড়া থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

 

গ্রেপ্তাররা হলেন–বাঘা উপজেলার ভানুকর (মীরগঞ্জ) এলাকার মোশারফ হোসেন (৪২), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার আকবর আলী (৩২), ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার সাকিব ওরফে অন্তর (২৬), দাশপুকুর আলীর মোড় এলাকার সিফাত হোসেন ওরফে কাউসার (২৪) এবং দাশপুকুর এলাকার নাসির উদ্দীন (৩৫)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাত পৌনে ৯টার দিকে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোশারফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৩৯ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরো পড়ুন
সড়কে নিভল স্বামীর প্রাণ, কন্যাসন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

সড়কে নিভল স্বামীর প্রাণ, কন্যাসন্তান নিয়ে দিশাহারা স্ত্রী

 

অন্যদিকে, একই রাতে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে আকবর, সাকিব, সিফাত ও নাসিরকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ছাড়া মাদক প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার মোশারফের বিরুদ্ধে আগে একটি ফৌজদারি মামলা রয়েছে। সাকিব ও সিফাতের বিরুদ্ধে একটি করে মাদক মামলা এবং নাসির উদ্দীনের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনে পৃথক দুটি মামলা চলমান। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সড়কে নিভল স্বামীর প্রাণ, কন্যাসন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

অনলাইন ডেস্ক
সড়কে নিভল স্বামীর প্রাণ, কন্যাসন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

মোটরসাইকেল চালিয়ে ভাগনি জামাইয়ের বাড়ির যাচ্ছিলেন হাসনাইন। পথে চলন্ত মোটরসাইকেলের চাকা পিছলে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান তিনি। গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরে ভোলার লালমোহনে বদরপুর ইউনিয়নের গফুর চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

একমাত্র উপার্জনক্ষম ও ছোট ছেলেকে হারিয়ে হাসনাইনের পরিবারে এখন চলছে শোকের মাতম। দেড় বছর বয়সী কন্যাসন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। নিহত হাসনাইন উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের গজউদ্দিন দালাল বাড়ির চান মিয়া দালালের ছোট ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হাসনাইন নিজের মোটরসাইকেল চালিয়ে বদরপুর ইউনিয়নে তাঁর ভাগনি জামাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে জনতা বাজারের উত্তর পাশে গফুর চেয়ারম্যান বাড়ির সামনের সড়কে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হন।

নিহত হাসনাইনের দুলাভাই জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও অচেতন অবস্থায় হাসনাইনকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত হাসনাইনের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কাভার্ড ভ্যানচালক বাবলু (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি কাভার্ড ভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি উল্টে যায় এবং দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা হেল্পার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত হেল্পারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সড়কের পাশে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।