• ই-পেপার

যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

নাঈম রহমান, লালমনিরহাট
লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ
সংগৃহীত ছবি

পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক ‘প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিনিময়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। কর্মসূচিতে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা এন্তাজুর রহমান ও তন্ময় আহমেদ নয়ন, জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম রহমান, লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মো. মুশফিকুর রহমান, অর্থ সম্পাদক মো. আশিদুল হাবিব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শ্যামা রানী, প্রচার সম্পাদক মাহাবুব রহমান, কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক মোমেনা খাতুন সাথী এবং সদস্য আমির হামজা আকাশসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরো বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

নীলফামারী সংবাদদাতা
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সংগৃহীত ছবি

নীলফামারী জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেনারেল হাসপাতাল চত্বরে এ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি, সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন এডিস ‘মশার বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’

নারায়ণগঞ্জে ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় মেসার্স একতা ট্রেডার্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেপ্তার করে।  তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অবস্থান কঠোর। জেলা গোয়েন্দা শাখা নিয়মিতভাবে তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।’

বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে হাতাহাতি থেকে সংঘর্ষ, অতঃপর...

অনলাইন ডেস্ক
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে হাতাহাতি থেকে সংঘর্ষ, অতঃপর...

পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)।

স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের একজন মেহমান কনের পক্ষের এক পরিবেশনকারীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এসময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত তিনজন আহত হন। তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কনের মামা বাবলু আকনের দাবি, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বরপক্ষের ওই ব্যক্তি হামলা চালালে তা সংঘর্ষে রূপ নেয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।