• ই-পেপার

খুলনায় গ্রেনেড বাবুর দুই সহযোগীসহ গ্রেপ্তার ৫৯

ফরিদপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফয়জুল্লা (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের পর স্থানীয়রা ফয়জুল্লা (৩৯) নামে তিন সন্তানের জনক এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে ওই কিশোরীর চাচি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে আম খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। কিশোরীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগীর এক স্বজন বলেন, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সে নিজেকে রক্ষা করতে পারেনি। তার অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।

কিশোরীর চাচি বলেন, ঘরে গিয়ে দেখি মেয়েটি আতঙ্কে কান্নাকাটি করছে। এমন ঘটনার বিচার না হলে সমাজে আরো অনেকে সাহস পাবে। তবে অভিযুক্ত ফয়জুল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়রা বলছেন, প্রতিবন্ধী নারী ও শিশুরা সাধারণ মানুষের তুলনায় যৌন সহিংসতার অধিক ঝুঁকিতে থাকে। নিজেদের সুরক্ষা, প্রতিবাদ বা আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। ফলে অনেক ঘটনাই প্রকাশ্যে আসে না।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হয়েছে। কিশোরীর চাচি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও একপর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁধেরহাট বাজারে ওই কর্মসূচি পালন করা হয়। মিছিলের সময় বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা সংখ্যায় বেশি হওয়ায় মিছিলকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির স্থানীয় নোয়ান্নই ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বিকেল ৪টার দিকে সংগঠনটির হাজারো নেতাকর্মী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা এসময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। মিছিলকারীরা এসময় মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর আগে দুপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী দুপুরে বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হন।

নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, মিছিলের খবর পেয়ে তারা আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছেন। এ কারণে যখন বিক্ষোভ করার কথা, তখন তারা করতে পারেনি। পরে তারা বিকেলে বাজারের বাইরে মিছিল করেছে। এসময় পুলিশের সংখ্যা কম থাকায় তারা তাদের তাড়া করেনি। মিছিলকারীদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবুল কাশেম (৮৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফা পাড়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দোহাজারীগামী সিএনজিচালিত অটোরিকশাটি ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাওয়াদ জানান, হাসপাতালে আনার আগে আবুল কাশেম মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন।

ওসমানী মেডিক্যাল কলেজ ও কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
ওসমানী মেডিক্যাল কলেজ ও কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি : কালের কণ্ঠ

গবেষণা ও স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

‘Advancing Healthcare Innovation Through International Research Collaboration’ শীর্ষক এক সেমিনারের মাধ্যমে বৃহস্পতিবার (৪ জুন) ওসমানী মেডিক্যাল কলেজে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী।

কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন ডা. নাওকি নাকাশিমা, ডা. রফিকুল ইসলাম মারুফ এবং ডা. আশির আহমেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক উমর রাশেদ মুনির।

আলোচনায় উভয় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম, অ্যাকাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে কমিউনিটি হেলথ, অসংক্রামক রোগ, ডিজিটাল হেলথ, মেডিকেল ইনফরমেটিক্স ও হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ে যৌথ গবেষণার সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমঝোতা স্মারকের আওতায় গবেষণা সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং স্বাস্থ্যখাতে উদ্ভাবন বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্য গবেষণা ও চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।