ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় তিন বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার বন্ধু আবু ছায়েদ শিপনসহ ১২ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, সাইনবোর্ড মিতালী মার্কেট সংলগ্ন ওই তিন বিঘা জমিটি চৌরাঙ্গী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার মিয়ার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার যোগসাজশে জোরপূর্বক জায়গাটি দীর্ঘদিন ধরে দখল করে রাখে শিপন বাহিনী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জমির মালিক আব্দুস সাত্তার জায়গাটি দখলে নিতে গেলে ইকবাল হোসেন ও তার ঘনিষ্ঠ বন্ধু আবু ছায়েদ শিপন জমিটি জোরপূর্বক দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, ইকবাল বর্তমানে এলাকায় জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে পুরো এলাকায় রামরাজত্ব কায়েম করছেন। অপকর্মের কারণে তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন। তার বোনজামাই মোক্তার হোসেনের মাধ্যমে তিনি এসব অপকর্ম চালাচ্ছেন বলেও জানান তারা।
এদিকে, আবু সায়েদ শিপন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিএনপি সরকার গঠনের পর শিপন সাবেক কাউন্সিলর ইকবালের নাম ভাঙিয়ে পূর্বের ন্যায় পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি নিজেকে বিএনপির বড় নেতা বলেও দাবি করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ইকবাল হোসেন ও আবু ছায়েদ শিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আমরাই এই জমির প্রকৃত মালিক। কারো জমি দখল করার জন্য আমরা যাইনি। ভূমিদস্যু সাত্তার মিয়া আমাদের জমি দখলের জন্য পাঁয়তারা চালাচ্ছেন। আমরা ন্যায়বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এই জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা চলে আসছে। আদালতের নির্দেশ পালন করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর।





