• ই-পেপার

৩০ মণ ওজনের ‘আদর’ এখন সবার নজরে, দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা

গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে হত্যার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশাচুরির অভিযোগে আলামীন শেখ (৩০) নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়।

বুধবার (২০ মে) আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এসময় আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুর পলাতক রয়েছে। নিহত রিকশাচালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে। 

নরসিংদীতে ‘ইত‍্যাদি’র অনুষ্ঠান থেকে শতাধিক মোবাইল চুরি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে ‘ইত‍্যাদি’র অনুষ্ঠান থেকে শতাধিক মোবাইল চুরি
ছবি: কালের কণ্ঠ

নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় চরম বিশৃঙ্খলা ও ঠেলাঠেলির সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র এসব চুরি সংঘটিত করে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পাসধারী নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়। এসময় সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেয়।

অভিযোগ রয়েছে- পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পুলিশ সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা ছিল। তবে পাস ছাড়া আরো কয়েক হাজার বহিরাগত ব্যক্তি পুলিশের বাধা উপেক্ষা করে এবং প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এতে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ অন্তত সাতজন কর্মরত সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়ে যায়। এ ছাড়া জেলা প্রশাসনের এক কর্মচারীসহ বহু দর্শক মোবাইল হারানোর অভিযোগ করেন। পরে চরম অব্যবস্থাপনার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে শত শত পাসধারী অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় প্রশাসনের অব্যবস্থাপনায় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। ভেতরে ঢোকার পর দেখি আমার মোবাইলটি নেই। সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশকে জানাই। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাত্র এক ঘণ্টার মধ্যে আরো ছয়জন সাংবাদিক এবং জেলা প্রশাসনের এক কর্মচারীসহ অন্তত ৪৫ জন দর্শক মোবাইল চুরির অভিযোগ করেন। কিন্তু পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-ফারুক বলেন, ইত্যাদি’ অনুষ্ঠান উপভোগ করতে নরসিংদী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছেন। ভিড়ের মধ্যে কিছু চোরও ঢুকে পড়তে পারে। বেশ কয়েকজন দর্শকের মোবাইল ফোন খোয়া যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোন উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ঝিনাইদহ সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

মাল্টিমিডিয়া রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহ সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (২০ মে) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। 

আটকদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

অন্যদিকে নিমতলা, মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৮১ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়।

পরে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি। 

ঝিনাইদহে বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ১

মাল্টিমিডিয়া রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহে বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন উপজেলার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হাসান শেখপাড়া এলাকায় বিভিন্ন দোকানে মাল সরবরাহ শেষে নসিমন নিয়ে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন।

পথে বড়দাহ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আশা নসিমনটিকে ধাক্কা দেয়।

এতে সংঘর্ষে নসিমন চালক ইমরান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আবাইপুর হাইওয়ে থানার ওসি জাহানুর ইসলাম কালের কণ্ঠকে বলেন, বড়দাহ নামক স্থানে বাস ও নসিমনকে মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।