পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) এবং উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ ইস্কান্দার আলী প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়াচক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়।
আরো পড়ুন
খুমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি
আটকদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দ হওয়া মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্তও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে তরুণসমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, উদ্ধার হওয়া আলামত জব্দপূর্বক আটকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।