• ই-পেপার

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত চলা এ ঘটনায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্তিতি স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের হবিগঞ্জ সড়কে একটি সিএনজি পার্কিংকে কেন্দ্র করে প্রথমে এক মাইক্রোবাস চালকের সঙ্গে বাকবিতন্ডা হয়। এ নিয়ে সিএনজি ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় চৌমুহনা, স্টেশন রোড ও পেট্রোল পাম্প এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এদিকে, দায়িত্ব পালনকালে ছবি ও ভিডিও ধারণ করায় এক পক্ষ সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সিএনজি শ্রমিকদের অভিযোগ, মাইক্রোবাস শ্রমিকরা তাদের স্ট্যান্ডে গিয়ে হামলা চালালে তারা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে মাইক্রোবাস শ্রমিকদের দাবি, তাদের এক শ্রমিককে মারধরের জেরে উত্তেজনা ছড়ায়।

সংঘর্ষ চলাকালে স্কুল-কলেজ থেকে বের হওয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য আমজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক ইসমাইল মাহমুদ, এহসান বিন মুজাহির। এছাড়া নুর মোহাম্মদ সাগর, এস কে দাস সুমন ও শেখ জসিম শ্রমিকদের ইট পাটকেলে আহত হয়েছে।

শ্রীমঙ্গল সিএনজি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন আহমদ বলেন, ‘খবর পেয়ে স্ট্যান্ডে রিকশা থেকে নামতেই আমার সামনে এক সিএনজি শ্রমিকনেতাকে কিল ঘুষি মারতে শুরু করে লাইট্রেস গাড়ির ড্রাইভার। এসময় আরো ৪/৫ জন শ্রমিক দৌড়ে এসে আমাদের স্ট্যান্ডে এসে লাটিসোটা নিয়ে আমাদের মাথার উপর মারধর শুরু করে।  মারধরের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী ও ড্রাইভার দুলালসহ অনেকে। তিনি আরও বলেন,  সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে ওভারটেক করাকে কেন্দ্র করে গাড়ি দুটির চালকদের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ওসি জহিরুল ইসলাম মুন্না, ব্যবসায়ী  ও সাংবাদিক নেতারা হাসপাতালে আহতদের খোঁজ নেন এবং পরে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ মানুষ যখন উত্তেজিত হয়ে যায়, শয়তান তখন তার হিতাহিত জ্ঞান লোপ করে ফেলে। এই কারণে অনেকে তার সীমা লংঘন করে। আমরা বিষয়টি সুন্দরভাবে সমাধান করে দিব। কারণ যারা মেরেছে, মার খেয়েছে সবই আমাদের, আমরা এক পরিবারের লোক। সাংবাদিকরাও আমার ভাই।’

মিরসরাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন শেখ ফরিদ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন শেখ ফরিদ
সংগৃহীত ছবি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন হাইতকান্দি ইউনিয়নের কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেখ ফরিদ।

মঙ্গলবার (১৯ মে) মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব এ কে এম ফজলুল হক উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ ফরিদের হাতে সনদপত্র তুলে দেন।

মো. শেখ ফরিদ বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরো নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।’

এর আগে গত ১৪ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৫ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে পৃথক দুটি বোর্ড গঠন করা হয়।

কেরানীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে নকল ও ভেজাল সেমাই উৎপাদনের দায়ে দুইটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পাওয়া যায় যে, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায়  ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ডার্মিসিলি সেমাই কারখানার ম্যানেজার মো. রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালী সেমাই কারখানার ম্যানেজার মো. মনির হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশ সেমাই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও লাইসেন্সবিহীনভাবে পরিচালিত এসব কারখানা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০) এর একটি টিম সার্বিক সহযোগিতা করেন। 

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা, দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা, দুজনের যাবজ্জীবন
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক কাপড় ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার নবাব আলীর ছেলে শাহ আলী ও শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের আমির হোসেনের ছেলে মঞ্জিল হোসেন।
 
নিহত জাফর প্রামাণিক এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের তাঁত কারখানার মালিক ও কাপড় ব্যবসায়ী।

মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ বলেন, ২০১১ সালের ৪ নভেম্বর জাফর প্রামাণিক বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ির জন্য রওনা হন। রাত পৌনে ১১টার দিকে তিনি সদর উপজেলার কাঁঠালতলা এলাকায় পৌঁছালে আসামিরা জাফর প্রামাণিকের গতিরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে জাফরকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাতে যমুনা সেতু পশ্চিম থানার টহলরত পুলিশ জাফর প্রামাণিককে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মঞ্জিল হোসেনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে আটক করা হয়। সাক্ষ্য প্রমান শেষে রায় প্রদান করেন বিচারক। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।