• ই-পেপার

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা, দুজনের যাবজ্জীবন

মায়ানমারের অভ্যন্তরে উত্তেজনা, আতঙ্ক নেই এপারে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
মায়ানমারের অভ্যন্তরে উত্তেজনা, আতঙ্ক নেই এপারে
ছবি: কালের কণ্ঠ

মায়ানমারের রাখাইন রাজ্যের ২৭১ কিলোমিটার জনপদ নিজেদের দখলে থাকার পরও স্বস্তিতে নেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দখলে ভাগ বসাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। দখলকৃত ভূখণ্ড অক্ষুণ্ন রাখতে আরাকান আর্মিকে নিয়মিত লড়তে হচ্ছে এসব সংগঠনের বিরুদ্ধে।

রাখাইনের দখল নিয়ে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর লড়াইয়ে সীমান্তের এপারে বাংলাদেশে প্রভাব পড়েছে বিভিন্ন সময়ে। বিশেষ করে টেকনাফ সীমান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়ে।

রাখাইনের অভ্যন্তরীণ সংঘাতে একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে গুলি পড়ার ঘটনাও ঘটেছে। সীমান্তের এপারে গুলি ও মর্টার শেল পড়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে। সবশেষ মায়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

আরো পড়ুন
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

 

এদিকে গত ১৮ মে দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফনদের ওপারে রাখাইনে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেসময় নাফনদে মাছ শিকারে থাকা আতঙ্কে দ্রুত নাফনদ ত্যাগ করেন। আজ মঙ্গলবার সকালেও হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার বিপরীতে রাখাইনে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় সীমান্তের এপারে বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি।

উনচিপ্রাং এলাকার জেলে আব্দুল্লাহ জানান, মঙ্গলবার নাফনদে মাছ ধরার সময় মায়ানমারে ১৫ থেকে ২০ রাউন্ড মতো গুলির শব্দ শোনা গেছে। সম্ভবত গোলাগুলির এসব ঘটনা মায়ানমারের অভ্যন্তরে তিন-চার কিলোমিটার পূর্বে হতে পারে। এ কারণে আগের মত বিকট কোনো শব্দ এবার শোনা যায়নি।

টেকনাফের স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, মাঝেমধ্যে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্টের বিপরীতে মায়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়। আমরা যা জেনেছি, এখন রাখাইনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা এবং আরএসওর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আমাদের সীমান্তেও আতঙ্ক বিরাজ করে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, মায়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডুসহ বেশিরভাগ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছেন। তবে তারাও আপাতত সেখানে স্বস্তিতে নেই। বর্তমান পরিস্থিতিতে জান্তা বাহিনী নীরব থাকলেও রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো রাখাইনের নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এ সংঘাত আরো দীর্ঘ মেয়াদি হতে পারে।

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত চলা এ ঘটনায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের হবিগঞ্জ সড়কে একটি সিএনজি পার্কিংকে কেন্দ্র করে প্রথমে এক মাইক্রোবাস চালকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে সিএনজি ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় চৌমুহনা, স্টেশন রোড ও পেট্রল পাম্প এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এদিকে, দায়িত্ব পালনকালে ছবি ও ভিডিও ধারণ করায় এক পক্ষ সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সিএনজি শ্রমিকদের অভিযোগ, মাইক্রোবাস শ্রমিকরা তাদের স্ট্যান্ডে গিয়ে হামলা চালালে তারা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে মাইক্রোবাস শ্রমিকদের দাবি, তাদের এক শ্রমিককে মারধরের জেরে উত্তেজনা ছড়ায়।

সংঘর্ষ চলাকালে স্কুল-কলেজ থেকে বের হওয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদস্য আমজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক ইসমাইল মাহমুদ, এহসান বিন মুজাহির। এ ছাড়া নুর মোহাম্মদ সাগর, এস কে দাস সুমন ও শেখ জসিম শ্রমিকদের ইট-পাটকেলে আহত হয়েছে।

শ্রীমঙ্গল সিএনজি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন আহমদ বলেন, ‘খবর পেয়ে স্ট্যান্ডে রিকশা থেকে নামতেই আমার সামনে এক সিএনজি শ্রমিকনেতাকে কিল-ঘুষি মারতে শুরু করে লাইট্রেস গাড়ির ড্রাইভার। এ সময় আরো ৪/৫ জন শ্রমিক দৌড়ে এসে আমাদের স্ট্যান্ডে এসে লাটিসোঁটা নিয়ে আমাদের মাথার ওপর মারধর শুরু করে।  মারধরের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী ও ড্রাইভার দুলালসহ অনেকে। তিনি আরো বলেন,  সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে ওভারটেক করাকে কেন্দ্র করে গাড়ি দুটির চালকদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ওসি জহিরুল ইসলাম মুন্না, ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা হাসপাতালে আহতদের খোঁজ নেন এবং পরে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘মানুষ যখন উত্তেজিত হয়ে যায়, শয়তান তখন তার হিতাহিত জ্ঞান লোপ করে ফেলে। এই কারণে অনেকে তার সীমা লঙ্ঘন করে। আমরা বিষয়টি সুন্দরভাবে সমাধান করে দেব। কারণ যারা মেরেছে, মার খেয়েছে সবই আমাদের, আমরা এক পরিবারের লোক। সাংবাদিকরাও আমার ভাই।’

মিরসরাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন শেখ ফরিদ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন শেখ ফরিদ
সংগৃহীত ছবি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন হাইতকান্দি ইউনিয়নের কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেখ ফরিদ।

মঙ্গলবার (১৯ মে) মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব এ কে এম ফজলুল হক উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ ফরিদের হাতে সনদপত্র তুলে দেন।

মো. শেখ ফরিদ বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরো নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।’

এর আগে গত ১৪ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৫ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে পৃথক দুটি বোর্ড গঠন করা হয়।

কেরানীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে নকল ও ভেজাল সেমাই উৎপাদনের দায়ে দুইটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পাওয়া যায় যে, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায়  ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ডার্মিসিলি সেমাই কারখানার ম্যানেজার মো. রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালী সেমাই কারখানার ম্যানেজার মো. মনির হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশ সেমাই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও লাইসেন্সবিহীনভাবে পরিচালিত এসব কারখানা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০) এর একটি টিম সার্বিক সহযোগিতা করেন।