কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ড্রেনের স্ল্যাব (ঢাকনা) প্রায় একমাস ধরে ভাঙা। ফুটপাত হিসেবে ব্যবহৃত হওয়া এই ড্রেনের একটি বড় অংশের স্ল্যাব ভেঙে পড়ায় তা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় একমাস আগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক মহাসড়কের পূর্ব পাশের ড্রেনের ওপর উঠে যায়। এতে ড্রেনের অনেকগুলো আরসিসি স্ল্যাব ভেঙে গুঁড়িয়ে যায়। দীর্ঘদিন পার হলেও স্ল্যাবগুলো মেরামত বা প্রতিস্থাপন করা হয়নি।
স্থানীয়রা জানায়, চৌদ্দগ্রাম বাজারের এই অংশটি অত্যন্ত ব্যস্ততম। এর পাশেই বহুতল মার্কেট ও দুটি ব্যাংকের শাখা রয়েছে। অপর পাশে রয়েছে সাব রেজিস্ট্রারের কার্যালয়। ড্রেনের ওপর ঢাকনা থাকায় সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতদিন এটি ফুটপাত হিসেবে নিরাপদ যাতায়াতের জন্য ব্যবহার করে আসছিল। স্ল্যাবগুলো ভেঙে যাওয়ার পর থেকে এই পথ দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
কাকলী আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, ‘আগে আমরা ড্রেনের ওপর দিয়ে নিরাপদে হেঁটে যাতায়াত করতাম। এখন স্ল্যাব ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মেইন রোড দিয়ে হাঁটতে হচ্ছে।’
ড্রেনের ঢাকনা ভাঙা থাকায় বাজারের পূর্ব পাশের দোকানপাটে ক্রেতাদের আসা-যাওয়া কমে গেছে। ফলে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেন, ঢাকনা না থাকায় ড্রেনের ভেতরের ময়লা-আবর্জনা উন্মুক্ত হয়ে পড়েছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, বেড়েছে মশার উপদ্রব। এ কারণে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে, ড্রেনের স্ল্যাবগুলো দ্রুত সংস্কারের দাবি উঠলেও দায়িত্ব নেওয়া নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং পৌরসভা কর্তৃপক্ষের মধ্যে রশি টানাটানি চলছে।
সড়ক ও জনপদ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘ড্রেনটি সওজের আওতাধীন হলেও এর সংস্কার ও পরিষ্কার করার বিষয়টি দেখে চৌদ্দগ্রাম পৌরসভা। তাই বিষয়টি পৌর কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।’
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিন বলেন, ড্রেনটি পৌর এলাকার হলেও এর দায়-দায়িত্ব সওজের, পৌরসভার নয়। তারাই বিষয়টি ভালো বলতে পারবেন।’
তবে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। শিগগির ড্রেনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’






