সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার অনলাইন অ্যাপসহ নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু জনগণ যদি এই সেবাগুলো সম্পর্কে না জানে, তবে এসব উদ্যোগের সুফল মিলবে না।’
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিসংক্রান্ত বিরোধে আদালতে না গিয়ে উভয়পক্ষের মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একটি ভূমি মামলা শুরু হলে তা শেষ হতে কয়েক দশক লেগে যায় এবং মামলার মূল বাদী-বিবাদীরা অনেকেই রায় দেখে যেতে পারেন না। এই দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি এড়াতে সরকারের ডিজিটাল ভূমি সেবা গ্রহণ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ বেছে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘ভূমিসংক্রান্ত অধিকাংশ বিরোধ পারিবারিক বা প্রতিবেশীদের মধ্যেই ঘটে থাকে। এসব ক্ষেত্রে আদালতে না গিয়ে ইউনিয়ন পর্যায়ের গ্রাম আদালত বা সালিসি ব্যবস্থার মাধ্যমে সহজে ও দ্রুত সমাধান সম্ভব। আগে সালিসের সিদ্ধান্ত সবাই মাথা পেতে নিত। আমাদের সেই পুরোনো বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সমাজের অধিকাংশ ফৌজদারি অপরাধের পেছনে ভূমি বিরোধ একটি বড় কারণ হিসেবে কাজ করে।
এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিন দিনব্যাপী এই মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা প্রদর্শনের জন্য ৭টি স্টল স্থাপন করা হয়েছে।




