• ই-পেপার

জনগণ সেবা সম্পর্কে না জানলে উদ্যোগের সুফল মিলবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আটক শ্রমিকের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
আটক শ্রমিকের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

দিনাজপুরে আটক দুই ট্রাক শ্রমিককে ছেড়ে দেওয়ার দাবিতে দিনাজপুর-দশমাইল মহাসড়কের বটতলী ট্রাক টার্মিনালের সামনের সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে দিনাজপুর-দশমাইল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে প্রায় ৪ কিলোমিটার করে মহসড়কের ওপর বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কোতোয়ালি পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ট্রাক, ট্যাক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সদর উপজেলার শিবরামপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মহিম হোসেন (১৮) পশ্চিম শিবরামপুর গ্রামের জাকির হোসেনের ছেলে আকতার হোসেনকে (১৯) নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। খবর পেয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য শ্রমিকরা পুলিশের কাছে দাবি জানায়। কিন্তু পুলিশ ছেড়ে দিতে রাজি না হওয়ায় দুপুর ১২টায় শ্রমিকরা দিনাজপুর-দশমাইল সড়কের বটতলী ট্রাক টার্মিনালের সামনে বাস ও ট্রাক আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন। বিকাল ৪টায় রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

এদিকে, বিকেল সাড়ে ৪টার সময় ট্রাক, ট্যাক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা ও পুলিশ প্রশাসন কোতোয়ালি থানায় বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি নুরনবী।
 

মেহেরপুর নার্সিং কলেজ

নির্মাণের দুই বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম

মেহেরপুর প্রতিনিধি
নির্মাণের দুই বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম

উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে নির্মাণ করা হয়েছে নার্সিং কলেজ। নির্মাণ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু অর্থনৈতিক কোড না পাওয়ায় এখনো প্রয়োজনীয় জনবল নিয়োগ ও শিক্ষা কার্যক্রম চালু হয়নি প্রতিষ্ঠানটিতে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ এপ্রিল মেহেরপুর নার্সিং কলেজের অবকাঠামো নির্মাণের কাজ পায় সিরাজগঞ্জের ডিএমসিএল অ্যান্ড পিসি-জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পাশে মেহেরপুর সরকারি কলেজ সড়কে তিন একর ৬৩ শতক জমিতে নির্মাণ করা হয় কলেজটি। ৩৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা অবকাঠামোর মধ্যে রয়েছে চারতলা হোস্টেল ভবন, চারতলা একাডেমিক ভবন, দোতলা গ্যারেজ এবং একটি সাবস্টেশন। কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৭ জুন কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

সূত্র জানায়, সিডিউল অনুযায়ী কিছু ত্রুটি থাকায় তা দূর করে চলতি বছরের ২৮ জানুয়ারি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও আহ্বায়ক কমিটির কাছে প্রতিষ্ঠানটি হস্তান্তর করা হয়।

এদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা নার্সিং কলেজটি চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন  শিক্ষার্থী, অভিভাবক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা। 

স্থানীয় ব্যবসায়ী মিরাজুল ইসলাম বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে সুন্দর একটি নার্সিং কলেজ নির্মাণ করা হয়েছে। কলেজেটি দ্রুত চালু না হলে এর চত্বরে মাদকসেবীদের আখড়া গড়ে উঠবে। কলেজের মূল্যবান মালামাল চুরি ও নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। 

শিক্ষার্থী রাফি হাসান বলেন, মেহেরপুরে বিএসসি নার্সিং পড়ার কোনো প্রতিষ্ঠান নেই। বিএসসি লেভেলের নার্সিংয়ের জন্য মেহেরপুর নার্সিং কলেজ চালু হলে শিক্ষাথীরা এখানে শিক্ষা নিতে পারবে এবং স্বাস্থ্যসেবা অবদান রাখতে পারবে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ হোসেন বলেন, গত জানুয়ারি মাসে আমরা কলেজটি হস্তান্তর করেছি। এখন দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু না হলে কলেজটি রক্ষণাবেক্ষণ করা কঠিন হবে। এর মূল্যবান মালামাল চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। 

নার্সিং ও মিডওয়াইফারি অধিপ্তদরের প্রশাসনিক কর্মকর্তা (শিক্ষা) মো. মুক্তার হোসেন বলেন, এখনো কলেজটির অর্থনৈতিক কোড প্রস্তুত হয়নি। এ কারণে  জনবল নিয়োগ দেওয়া যাচ্ছে না। জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে অর্থনৈতিক কোড প্রস্তুতের কাজ চলমান রয়েছে। আশা করছি, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব হবে। 

নাটোরে পরিত্যক্ত পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরে পরিত্যক্ত পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ ও আরাফাত নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ণকলস গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত নুর মোহাম্মদ (১০) ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত (১১) একই গ্রামের মিন্টুর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ পর স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

৬ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মণ্ডল বলেন, বাড়ির পাশের একটি পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। সম্ভবত গোসল করতে বা খেলার ছলে পানিতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়।

তিনি আরো জানান, এ বিষয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ভালুকা

ইউএনও অফিস ঘেরাও কৃষকদের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ইউএনও অফিস ঘেরাও কৃষকদের
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল এবং আরএস অ্যাগ্রোর দূষিত বর্জ্য মিশ্রিত পানি নিষ্কাশনের ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং কৃষকদের ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এ কর্মসূচি পালন করেন।
 
অবস্থানকারীদের অভিযোগ, এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও আরএস অ্যাগ্রোর অবৈধ ড্রেনেজ লাইনের মাধ্যমে শিল্পবর্জ্য নির্গমনের কারণে কৃষিজমি, মাছের খামার ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ ও প্রতিকার দাবিতে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো সুফল পাচ্ছে না। অবস্থানকারীরা ওই সময় মিলের দূষিত বর্জ্য মিশ্রিত পানি নিষ্কাশনের ড্রেনেজ লাইন দ্রুত কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে সিলগালা করার পাশাপাশি ইতোপূর্বে তদন্ত কমিটির সুপারিশকৃত ক্ষতিগ্রস্ত কৃষক ও ভুক্তভোগীদের ক্ষতিপূণের টাকা আসন্ন পবিত্র ঈদুল আজহার পূর্বেই পরিশোধের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া আল মামুন সরকার জানান, দূষিত বর্জ্য মিশ্রিত পানির কারণে ২৮ কাঠা বোরো জমিতে তিনি বছরের পর বছর ধরে ২৮ ছটাক ধানও পাচ্ছেন না। জমিতে ধানের চারা রোপণ করার পর দূষিত বর্জ্য মিশ্রিত পানির কারণে তা পচে যায়।

কর্মসূচিতে ইউপি সদস্য শাহাদাত হোসাইন মানিক, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আল মামুন সরকার, নুরুল ইসলাম ফকির, শামছুদ্দিন মণ্ডল, নুরুজ্জামান কবির, মোহাইমিনুল ইসলাম তালুকদার, আবুল বাশার ও মনির তালুকদার প্রমুখ বক্তব্য দেন।