নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত গভীর নলকূপের ওপর কর ও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির উদ্যোগে সোমবার (১৮ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পানির ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন করে কর আরোপ জনদুর্ভোগ বাড়াবে। তারা অভিযোগ করেন, নাগরিক সুবিধা নিশ্চিত না করে উল্টো জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক ময়লা ও দুর্গন্ধযুক্ত এবং অনিয়মিত পানি সরবরাহ নিয়ে চরম ভোগান্তির কথাও উল্লেখ করেন বক্তারা।
নাগরিক নেতারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে নলকূপ স্থাপনের ওপর কর ও রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ওয়াসার পানির বিল বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বর্তমান প্রশাসকের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, নগরবাসী দীর্ঘদিন ধরে পানি সংকট, জলাবদ্ধতা, সড়ক ভাঙা ও বর্জ্য অব্যবস্থাপনার মতো নানা সমস্যায় ভুগছেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে নতুন কর আরোপের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।
সমাবেশে দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে নাগরিকদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার নাগরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





