• ই-পেপার

স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

টেকনাফ সীমান্তে গোলাগুলি, আতঙ্কে নাফনদ ছাড়লেন জেলেরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ সীমান্তে গোলাগুলি, আতঙ্কে নাফনদ ছাড়লেন জেলেরা
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফনদে মাছ শিকারে থাকা জেলেরা গোলাগুলির শব্দ শুনতে পান। এসময় জেলেরা আতঙ্কে দ্রুত নিরাপদ স্থানে ফিরে যান।

স্থানীয়রা বাসিন্দারা জানায়, হ্নীলা ইউনিয়নের বিপরীতে মায়ানমারের রাখাইন রাজ্যের অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছেন। মায়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে তারা সেখানকার দখল নেন। মাঝেমধ্যে এলাকাটির নিয়ন্ত্রণ নিতে একাধিক রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এলাকাবাসীর ধারণা, আরাকান আর্মির ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটতে পারে। তবে দুপুর পর্যন্ত চলমান এ গোলাগুলির ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরে গুলি এসে পড়ার বা কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন
সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

 

নাফনদে মাছ শিকারে থাকা কয়েকজন জেলে জানান, সকালে মাছ ধরার সময় তারা নদের উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মায়ানমারের ভেতর থেকে হঠাৎ থেমে থেমে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কের কারণে কারা গুলি চালিয়েছে তা স্পষ্টভাবে দেখতে পারেননি জেলেরা। পরে প্রাণভয়ে দ্রুত নাফনদ ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, হ্নীলা ইউনিয়নের লেদা নাফনদের সীমান্তের পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জেনেছি। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে। তবে এ কারণে সীমান্তের এপারের বাসিন্দাদের আতিঙ্কিত হওয়ার কিছু নেই। এ ছাড়া বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, এর আগে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে গুলি পড়ার ঘটনা ঘটেছে। সবশেষ গত ১১ জানুয়ারি সীমান্তের ওপারে রাখাইনে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একটি গুলি সীমান্তের এপারে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী হুজাইফা আফনানের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় ২৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামের মোস্তাকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একজন প্রবাসী। ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিরাজের। এ সময় গোপনে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি। তার পর থেকে ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে আসছিলেন তিনি। ভুক্তভোগী নারী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিরাজ আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারীর মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে। পাশাপাশি ভিন্ন আর একটি নম্বর হতে ডিসি সিরাজগঞ্জের পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছে অর্থ চাওয়া হচ্ছে। 

আরো পড়ুন
আবাসিক নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

আবাসিক নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

 

সোমবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেজ থেকে এসংক্রান্ত পোস্ট করে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের আন্ত হল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের আন্ত হল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মোবাইল ফোন ক্লোন করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতারিত না হতে সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।

বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সংগৃহীত ছবি

বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে স্কুলশিক্ষার্থীরা। সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের ওপর অবস্থান নেয় তারা। প্রায় দেড় ঘণ্টা সড়কে পরিবহন অবরোধ করে রাখার পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। বহু চিঠি চালাচালি আর পরিবহন নেতাদের ওয়াদা করেও কোনো কাজ না হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালীন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন উপস্থিত হয়ে আজ থেকেই হাজীগঞ্জের বলাখাল বাজারে চাঁদপুরের দুটি গণপরিবহন ষ্টপেজ করা হবে বলে জানান।

আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্থায়ী বাসস্ট্যান্ড বলাখালে প্রয়োজন। এ নিয়ে বলাখাল এলালার সুশীল সমাজ বারবার পরিবহন সেক্টরে ও প্রশাসনিক সেক্টরের চিঠি চালাচালি করেছেন। কিন্তু এ কাজ নিয়ে কোনো অগ্রগতি না দেখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের ওপর অবস্থান নেয় এখনকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলাখালে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন ও  বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্টপেজ করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ক্লাসে ফিরে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার আব্দুল মান্নান, বলাখাল মকবুল আহমেদ কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মোশাররফ হোসেন, বলাকার জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ  খোদেজা আক্তার,  বলাকা চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন দাস, উপজেলা শ্রমিক নেতা রাশেদ আলম হীরা,ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ।