<p style="text-align: justify;">যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় কুপিয়ে হত্যা করা ব্যবসায়ীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামের এক যুবককে চট্রগ্রাম থেকে আটক করেছে পুলিশ।</p> <p style="text-align: justify;">সোমবার (১১ মে) চট্রগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় বাবুল সাহেবের মাঠসংলগ্ন স্বপ্ননীড় নামে একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে অভয়নগর থানা হেফাজতে নেওয়া হয়।</p> <p style="text-align: justify;">আটক মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কাজ করতেন তিনি।</p> <p style="text-align: justify;">অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে চট্রগ্রামের ডাবলমুরিং থানা থেকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে নয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।</p>