দেশের খাল খনন প্রকল্পটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

তিনি বলেন, ‘আমাদের কিন্তু টাকা নেই। অনেকে বলে না আমি কিন্তু বলতে চাই। ২০০ বিলিয়ন ডলার এই দেশ থেকে লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে। টাকা পাচার হয়ে গেছে, তাহলে আমি এত বড় বাজেট কিভাবে করব। মানুষকে বলতে হবে। সব টাকা চুরি করে নিয়ে গেছে। এখন নতুন করে শুরু করতে হবে। তাহলে মানুষ বুঝবে যে, আমি কত টাকা দিয়ে শুরু করেছি। রামগতি-কমলনগরের মানুষকে বলে দিতে চাই, শূন্য থেকে আমরা শুরু করেছি।’

মঙ্গলবার (৫ মে) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে খাল খনন প্রকল্পের উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে চরকাদিরা ভুলুয়া নদী পর্যন্ত খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘ইউএনও অফিসে ১২ বছর পর গিয়ে দেখি ৫ রকমের নাশতা। ১৪ সালের পর আমি আর কখনো ইউএনও অফিসে যাইনি। এই ফাঁকে যে দেশ এত কিছু হয়ে গেছে আমি তা জানি না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এখন বাজেট করেন ৫০ টাকা। এই বাজেটে মন্ত্রিপরিষদের নাশতা। গতকালকে কমিশনার ডিসি সাহেবদের আমরা জাতীয় সংসদ থেকে ডিনার দিয়েছি ৩২০ টাকায়।’

তিনি আরো বলেন, ‘আমি যে রুমে এখন হুইপগিরি করি, এই রুম থেকে ১ কোটি ৬৮ লাখ টাকা পেয়েছে, ফেলে রেখে গেছে৷ জাতীয় সংসদের প্রত্যেক রুম এবং গণভবন ভেঙে ফেলছে, কেন ভাঙছে। একজন টাকা পাইছে তো, এতে বাকি মানুষ ঝাঁপিয়ে পড়েছে। পরে ইটও নিয়ে গেছে।’

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম প্রমুখ।