<p>বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। সর্বশেষ তথ্য মতে, তাদের খোঁজ মেলেনি।</p> <p>শনিবার (২ মে) বিকেলের দিকে নিখোঁজ হওয়া জেলেরা হলেন হিজলা ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন মালতিয়া (২৩) ও একই গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।</p> <p>হিজলা নৌ পুলিশের ওসি গৌতম চন্দ্র দাস রাতে তথ্যর সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে মেঘনায় অনেক জেলে নৌকায় মাছ ধরছিল। পৌনে ৩টার দিকে প্রচণ্ড ঝড়-বাতাস হয়। তখন ঢেউয়ে একটি জেলে নৌকা ডুবে গেলে শিপন ও জুয়েল নিখোঁজ হয়।</p> <p>ওসি আরো বলেন, তাদের সঙ্গী জেলেরা অন্য নৌকার সহযোগিতায় উদ্ধার হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।</p>